২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে পূর্ণ সদস্যের দাবি তুলছে ফিলিস্তিন

যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকির মধ্যেও সাধারণ পরিষদের আগামী অধিবেশনেই জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার আবেদন জানানোর ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

রামাল্লা (ফিলিস্তিন), সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদে আবেদন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ত্রিশ মিনিটের এক টেলিভিশন ভাষণে প্রস্তাব উত্থাপনের বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের মর্যাদা পাওয়া ফিলিস্তিনি নাগরিকদের ন্যায়সঙ্গত অধিকার। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন মাহমুদ আব্বাস। অধিবেশনে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদের মাধ্যমে আবেদন করার পরিকল্পনা করেছেন। "আমরা আমাদের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়নের অনুরোধ করতে জাতিসংঘে যাব, আমরা ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার আবেদন জানাব," ভাষণে বলেন আব্বাস। মাহামুদ আব্বাসের এ উদ্যোগে ক্ষুব্ধ ইসরায়েল। তারা এ উদ্যোগকে বিশ্ব থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার চেষ্টা হিসেবে গণ্য করছে। যুক্তরাষ্ট্রও আব্বাসের পরিকল্পনার বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদের আবেদনে ভেটো দেবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথা হচ্ছে, সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমেই কেবল ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়ন সম্ভব। আব্বাস জানিয়েছেন, তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতেই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান। ফিলিস্তিনের ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। '৬৭ সালের যুদ্ধে সবগুলো এলাকাই দখল করে ইসরায়েল। ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও গাজার আকাশ ও সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৮ ঘ.