২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোয় ২ কোটি ডলার আত্মসাৎ করেছেন এক বাংলাদেশি

কানাডায় এক বাংলাদেশির বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের নাম ভাঙিয়ে দুই কোটি ডলারের বেশি আত্মসাৎ করে পালানোর অভিযোগ উঠেছে। টরন্টো থেকে জানাচ্ছেন আফসান চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 09:42 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

আফসান চৌধুরী , টরন্টো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কন্ট্রিবিউটিং এডিটর কানাডা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার টরন্টোয় এক বাংলাদেশির বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের নাম ভাঙিয়ে দুই কোটি ডলারের বেশি আত্মসাৎ করে বাংলাদেশে পালানোর অভিযোগ উঠেছে। মঞ্জুর মোরশেদ খান নামের ওই ব্যক্তি চ্যানেল প্রোপার্টি ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। এক হাজারের বেশি ফ্ল্যাট মালিকের অজ্ঞাতসারে তাদের নামে বিভিন্ন ব্যাংক থেকে মঞ্জুর ঋণ নেন বলে কানাডার শীর্ষস্থানীয় দৈনিক টরন্টো স্টারে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে। পত্রিকাটি বলেছে, মঞ্জুর কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে পালিয়ে যান। আবাসন ব্যবসা খাতে সংশ্লিষ্টরা বলছেন তারা এরকম ঘটনা আগে আর দেখেননি। ৩১ লাখ ডলারের এক মামলা অন্টারিওর ফ্ল্যাট মালিকদের সমিতির সভাপতি ডিন ম্যাকক্যাবে বলেন, "এটা একেবারেই অভূতপূর্ব ঘটনা। সংশ্লিষ্টরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছে।" "মঞ্জুরের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা অন্তত চারটি প্রতিষ্ঠান এ প্রতারণার শিকার হয়েছে। এগুলোর মধ্যে একটি ৩১ লাখ ডলারের একটি মামলা করেছে।" মামলায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদকে না জানিয়ে মঞ্জুর এমন একটি বেআইনি চাতুরি করেন যার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের সম্পত্তির বিনিময়ে ৩০ লাখ ডলার ঋণ নিতে সক্ষম হন। তার প্রতিষ্ঠানের কর্পোরেট গ্রাহকরা আরো মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার তথ্য অনুযায়ী, ফ্ল্যাটের নামে ঋণের ব্যবস্থা করেন মঞ্জুর। তার দুই কর্মী এক্ষেত্রে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দেন। পর্ষদকে না জানিয়ে তিনি প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খুলে সেখানে গত জানুয়ারিতে ৩১ লাখ ডলার জমা রাখেন। 'স্বাক্ষর নকল করা হয়' মামলায় আসামি হওয়া মঞ্জুরের এক কর্মী মোহাম্মদ ইরফান নাঈম বলেছেন, ঋণের নথিপত্রে তার স্বাক্ষর নকল করা হয়েছিলো। তিনি বলেন, "আমার স্ত্রী ভেঙে পড়েছেন।" নাঈম ওই প্রতিষ্ঠানে যোগ দেন চার বছর আগে। গত মাসের মাঝামাঝি তাকে এ ঘটনা জানান তার সহকর্মী মিকেলা জুর্কোভিচ। আইনজীবীদের কাছ থেকে পাওয়া ঋণের ফ্যাক্স কপি নাঈমকে দেখান তিনি। নাঈম বলেন, "নথিতে তারও [মিকেলার] স্বাক্ষর রয়েছে।" টরন্টোর একটি অ্যাপার্টমেন্ট ভবনে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন মঞ্জুর মোরশেদ। সেখানে কাজ করা অবস্থায় ২০০৩ সালে নিজের একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেন তিনি। গত মাসে টরন্টো স্টারে তার একটি সাক্ষকারও প্রকাশিত হয়। এতে ৪০টির বেশি অ্যাপার্টমেন্ট তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকার কথা জানান তিনি। যদিও তার কর্মীরা বলছেন এ সংখ্যা কখনোই ১৫ এর বেশি ছিলো না। দামি গাড়ি পছন্দ করতেন বলা হচ্ছে মঞ্জুর তার কর্মীদের প্রতি বেশ সদয় ছিলেন এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত তার ব্যবসা বিস্তৃত ছিলো। দামি গাড়ি পছন্দ করতেন তিনি। তার এক সাবেক কর্মী বলেন, "তিনি জুতা বদলানোর মতোই গাড়ি বদলাতেন। কয়েকমাস পরপর তিনি নতুন গাড়ি নিতেন।" ব্রাম্পটনে তার দোতলা বাড়িতে একটি মার্সেডেস, লেক্সাস, অডি, বিএমডব্লিউ গাড়ি পাওয়া গেছে। বাড়ির নিরাপত্তায় চারটি ভিডিও ক্যামেরা থাকলেও দরজায় বেল বাজানোর পর কেউ সাড়া দেয়নি, বলছে টরন্টোর স্টার। মঞ্জুরের ২৫ বছর বয়সী মেয়ে শারমিন সাদিয়া এখন ঘটনা সামাল দিচ্ছেন। তিনি কোনো সাক্ষাকার দিতে অস্বীকৃতি জানান। ভাড়া না দেওয়ায় তার প্রতিষ্ঠানকে অফিস ছেড়ে দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/পিডি/০৩৩৬ ঘ.