২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সম্পর্ক ক্ষুন্ন করছে: পাকিস্তান

আফগানিস্তানে পাকিস্তানের জঙ্গিদের হামলা মোকাবেলার যে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দিয়েছে তাতে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার সম্পর্ক ক্ষুন্ন হচ্ছে বলে পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আফগানিস্তানে পাকিস্তানের জঙ্গিদের হামলা মোকাবেলার যে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দিয়েছে তাতে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতার সম্পর্ক ক্ষুন্ন হচ্ছে বলে পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলা থেকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সবকিছু করবে- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তার এ হুঁশিয়ারির পর বৃহস্পতিবার এ প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তাহমিনা জানজুয়া বলেছেন, "দু'দেশের মধ্যে সহযোগিতার যে সম্পর্ক রয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ওই সমস্ত কথা তার একেবারেই বিপরীত। দুয়ের মধ্যে কোনো সঙ্গতি নেই বলেই আমরা মনে করছি।" সীমান্ত অতিক্রম করে পাক জঙ্গিদের হামলা চালানোর কোনো প্রমাণ নেই বলেও দাবি করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্ব শক্তি ব্যবহার করছি। আর পাকিস্তান থেকে হাক্কানি নেটওয়ার্কের হামলা চালানোর যে কথা বলা হচ্ছে তার কোনো প্রমাণ কখনো দেওয়া হয়েছে কি?" পাক সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক উর্ধ্বতন আরেক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোটি কোটি ডলার সাহায্যের ওপর নির্ভরশীল পাকিস্তান আফগানিস্তানে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর সম্ভাব্য সব চেষ্টাই করছে। কিন্তু তিনি বলেন, "জঙ্গিরা যদি আফগানিস্তানে এমন কিছু করেই থাকে তাহলে সীমান্তে তাদেরকে পাকড়াও করা আফগান এবং পশ্চিমা বাহিনীরই দায়িত্ব।" অভিযোগ করে তিনি বলেন, "তারা অবাধে সবাইকে সীমান্ত পেরুতে দেবে, আর তারপর বলবে পাকিস্তান যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।" প্রতিরক্ষামন্ত্রীসহ মার্কিন কর্মকর্তারা মনে করেন মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাস, ন্যাটো সদরদপ্তর ও পুলিশ ভবনে হামলার পেছনে পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা জড়িত। ওই ৯ জঙ্গি, ৪ পুলিশ এবং ৩ বেসামরিক মানুষসহ ১৬ জন নিহত হয়েছে। পানেত্তা বলেন, "আমরা আবারো হাক্কানি থেকে এ ধরনের হামলার রাশ টেনে ধরতে পাকিস্তানকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে আমরা খুব সামান্যই আগাতে পেরেছি।" উল্লেখ্য, চলতি বছর ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই দু'দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তার ওপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য অসস্তিকর মৈত্রীবন্ধনের দু'দেশের সম্পর্কে যেনো ঘি ঢেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/