২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সফরে সারকোজি-ক্যামেরন

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ত্রিপোলি পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ত্রিপোলি পৌঁছেছেন। দু'নেতা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপোলিতে গেছেন বলে জানিয়েছেন প্যারিস এবং লন্ডনের দুই মুখপাত্র। বিমানবন্দরে পৌঁছেই বিবিসি'কে ক্যামেরন বলেন, ত্রিপোলিতে যেতে পেরে তিনি আনন্দিত। একটি অবাধ, সন্দুর গণতান্ত্রিক লিবিয়া গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন ক্যামেরন। এরপর ক্যামেরন এবং সারকোজি দুজনেই একটি ফরাসি হেলিকপ্টারে চড়ে ত্রিপোলির একটি হাসপাতাল পরিদর্শন করতে যান। সফরকালে লিবিয়ার ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) প্রধান মুস্তাফা আব্দুল জলিল এবং গাদ্দাফিবিরোধী অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা। দুপুর ১২ টা ৪৫ এ একটি সংবাদ সম্মেলন হওয়ার আগে এ বৈঠক হবে বলে জানিয়েছে ক্যামেরনের কার্যালয়। ত্রিপোলির পর দুই নেতা সাবেক বিদ্রোহী এনটিসি'র শক্তিশালী ঘাঁটি বেনগাজি যাবেন এবং সেখানে 'স্বাধীনতা চত্বরে' ভাষণ দেবেন। 'নেতারা নিরাপদে থাকবেন' বলে প্রতিশ্র"তি দিয়েছেন এনটিসি'র প্রধান। সারকোজি ও ক্যামেরন- দুজনই লিবিয়ায় বেশ জনপ্রিয়। তাদের সহযোগিতায় ৪২ বছর পর লিবিয়ায় নতুন সরকার ক্ষমতাগ্রহণের পথ সুগম হয়েছে। কিন্তু দুই নেতা লিবিয়ায় যাওয়ার আগেই তাদেরকে গাদ্দাফিপন্থী বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াইয়ের ব্যাপারে সাবধান করেছেন এনটিসি'র নেতারা। লিবিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় যে এখনও বাধা রয়েছে সারকোজি ও ক্যামেরনের ত্রিপোলি সফরের প্রয়োজনীয়তা তারই ইঙ্গিত দেয়। এনটিসি এখনও দেশটিতে নিরাপদ সরকার গঠনে সক্ষম হয়নি। এ দু'নেতা ছাড়াও শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান লিবিয়া সফরে যাবেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্ম্দ কামেল অমরেরও লিবিয়া সফরের কথা রয়েছে। আর গত বুধবার মার্কিন দূত লিবিয়া সফর করেছেন। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার সমর্থকরা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে লিবিয়ার ভবিষ্যৎ এখনো নিশ্চিত নয়। গত জুন মাস থেকে গাদ্দাফিকে জনসমক্ষে দেখা যায়নি। সিরিয়া ভিত্তিক আরে টেলিভিশন চ্যানেলে পাঠানো এক চিঠিতে তিনি তার নিজ শহর সির্ত রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩২ঘ.