ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের চেন্নাইয়ে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
চেন্নাই থেকে ৮০ কিলোমিটার দূরে আরকোনাম ও চিতেরির মধ্যবর্তী স্থানে আরকোনাম-কাতপাদি নামের একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চেন্নাই বিচ-ভেলোর লোকাল। নিহতদের মধ্যে দ্বিতীয় ট্রেনটির চালক এবং প্রথম ট্রেনটির গার্ড রয়েছেন।
আহতদের আরাকোনাম ও ভেলোর সরকারি হাসপাতাল এবং কাঞ্চিপুরামের বিভিন্ন হাতপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির ওয়েবাসাইটে এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পাচটি বগি লাইনচ্যুৎ হয়। এগুলোতে অনেক যাত্রী আটকা পড়েন। প্রবল বৃষ্টি এবং অন্ধকারে উদ্ধার কাজ ব্যাহত হলেও আটকে পড়াদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
একশর বেশি পুলিশ সদস্য এবং অগ্নিনির্বাপণ কর্মী উদ্ধার কাজে অংশ নেন। েেনৗবাহিনীর সদস্য এবং ভারতের জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনীর(ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স) দুটি দলও এতে সহযোগিতা করে।
রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি নিহতদের পরিবারের জন্য পাচ লাখ রুপি করে এবং মারাত্মক আহতদের জন্য দুই লাখ রুপি করে অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন।
এনডিটিভি বলেছে, দুর্ঘটনার সময় আরাকোনাম-কাতপাদি লোকল ট্রেনটি চিতেরি রেলস্টেশনে সিগনালে অপেক্ষা করছিলো। এই অবস্থায় অন্য ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে পেছন থেকে আগের ট্রেনটিকে ধাক্কা দেয়।
সিগনাল ঠিকমতো কাজ না করায় এ ঘটনা ঘটে বলে ধারণা করলেও রেলওয়ে কর্মকর্তারা দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেননি।
চেন্নাই থেকে কর্ণাটক, কেরালা ও পশ্চিম তামিল নাড়ুগামী অনেক ট্রেনের যাত্রা দুর্ঘটনার কারণে বাতিল করা হয়। চেন্নাইমুখী বিভিন্ন ট্রেনও ঠিক সময়ে পৌছুবে না।
গত ১০ জুলাই উত্তর প্রদেশের ফতেহপুরের কাছে কালকা মেলের ১৫টি বগি লাইনচ্যুৎ হয়ে ৩৫ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/পিকেএস/পিডি/০৩০৫ ঘ.
bdnews24