প্যারিস, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফ্রিকান নেতাদের কাছ থেকে বিপুল নগদ অর্থ ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও সাবেক প্রধানমন্ত্রী দমিনিক দ্য ভিলেপো।
শিরাক ও ভিলেপোর একসময়ের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা আইনজীবী রবার্ট বোর্জ সোমবার ফরাসি-ইউরোপ ওয়ান বেতারকে জানান, তিনি শিরাক ও ভিলেপোকে আফ্রিকায় প্রাক্তন ফরাসি উপনিবেশিক রাষ্ট্রগুলোর দেওয়া দুই কোটি ডলার হস্তান্তর করেন।
গোপন ওই নির্বাচনী তহবিল যোগানোর অর্থগুলো আফ্রিকান বাদ্যযন্ত্রের ভেতরে ভরে ও স্যুটকেসে ঠেসে ভরে নিয়ে আসা হয় বলে জানান তিনি। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অর্থগুলো পাঠানো হয়।
ফরাসি অন্য একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বোর্জ নিজেকে 'থলি বাহক' বলে অভিহিত করেন। তিনি বলেন, "আমি শিরাক ও ভিলেপাকে টাকা গুণতে দেখেছি।"
প্রাক্তন ফরাসি উপনিবেশিক রাষ্ট্র সেনেগাল, বারকিনা ফাঁসো, আইভরি কোস্ট, কঙ্গো এবং গ্যাবনের নেতারা এই অর্থ দেন বলে জানান বোর্জ। এ দেশগুলোর মধ্যে সেনেগালের আব্দুলেই বাদি ও বারকিনা ফাঁসোর ব্লেইজ কমপ্যাওরি এখনও দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে ওই নেতাদের কাছ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
জ্যাক শিরাক ও দমিনিক ভিলেপা, উভয়েই এ অভিযোগ অস্বীকার করে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।
বোর্জ বর্তমান ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির উপদেষ্টা হিসেবেও কিছুদিন কাজ করেছেন। তবে সারকোজি কোন অর্থ নেননি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এল/২০০৩ঘ.
bdnews24