২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা চুক্তির পর্যালোচনা চান বিহারের মুখ্যমন্ত্রীও

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর এবার ১৫ বছরের পুরনো গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি পর্যালোচনার পক্ষে মত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর এবার ১৫ বছরের পুরনো গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি পর্যালোচনার পক্ষে মত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের রাজধানী পাটনায় তিনি সোমবার সাংবাদিকদের বলেন, ঢাকা-দিল্লির এ দ্বিপাক্ষিক চুক্তির কারণে তার রাজ্যের সঙ্গে 'অবিচার' হয়েছে। তিস্তা চুক্তিতে সমর্থন না থাকায় মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফর মমতা শেষ মুহূর্তে বাতিল করার বিষয়টিতেও সমর্থন জানিয়েছেন নীতিশ। ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে অন্তর্র্বতী চুক্তি স্বাক্ষরের কথা ছিলো। মমতার আপত্তিতে তা স্থগিত করা হয়। মমতার দল তৃণমূল ক্ষমতাসীন কংগ্রেস জোটের অংশীদার হলেও নীতিশের সংযুক্ত জনতা দল প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে আছে। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো চুক্তি বা আলোচনার বিষয়ে নয়া দিল্লি রাজ্য সরকারগুলোর কোনো মতামত নেয় না, এটা দুঃখজনক। যেন আমাদের এসব বিষয়ে কোনো মতামতই নেই।" তিনি বলেন, গঙ্গা চুক্তি অনুযায়ী বাংলাদেশে পানি পাঠানোর সময় ইন্ডিয়ার পাবলিক সেক্টর আন্ডারটেকিং ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনকে ফারাক্কা বাঁধে অবস্থিত ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশনের কার্যক্রম থামিয়ে দিতে হয়। এতে বিহারে বিদ্যুৎ সরবরাহে বিরূপ প্রভাব পড়ে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছরের জন্য গঙ্গার পানি বণ্টনের জন্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১৬ ঘ.