যুক্তরাষ্ট্র, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যয় সংকোচনের লক্ষ্যে ৩০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে ব্যাংক অব আমেরিকা করপোরেশন।
ব্যাংকটির প্রধান নির্বাহী ব্রায়ান মোয়নিহান সোমবার ব্যাংকের অর্থায়ন সভায় এ পরিকল্পনার কথা প্রকাশ করেন।
তবে বিনিয়োগকারীরা এ পরিকল্পনায় খুব বেশি খুশি হতে পারেন নি। পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি বিস্তারিত প্রকাশ না করার ব্যাপারেও তাদের অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটি তাদের জনবলের ১০ শতাংশের বেশি কমিয়ে আনতে চাইছে। প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই হতে পারে বলে আগেই গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে প্রকাশ করা হয়।
পুঁজিবাজারে এ বছর ব্যাংক অব আমেরিকার শেয়ারের মূল্য প্রায় ৫০ শতাংশ পড়ে যাওয়ায় বেশ চাপের মুখে রয়েছেন মোয়নিহান। সোমবার মোয়নিহানের কাছ থেকে আরো নাটকীয় কোনো সিদ্ধান্ত আশা করেছিলো বিনিয়োগকারীরা।
অ্যালবিওন ফিন্যাসিয়াল গ্র"পের বিশ্লেষক জ্যাসন ওয়্যার বলেন, এটা খুব হতাশাজনক। কর্মী ছাঁটাইয়ের চেয়েও বড় বিষয় নিয়ে তাদের চিন্তাভাবনা করা উচিৎ।
কয়েক দশক ধরে বিভিন্ন অধিগ্রহণের মধ্য দিয়ে ব্যাংক অব আমেরিকা গড়ে উঠেছে। এর বেশিরভাগ সম্পদই সঠিকভাবে সমন্বিত না করার কারণেই প্রতিষ্ঠানটিকে এমন লোকসানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে মনে করা হয়।
২০০৮ সালে ২৫০ কোটি ডলারের একটি বিশাল 'হোম লোন' প্রকল্প কিনে নেওয়ার পর ব্যাংক অব আমেরিকাকে কয়েকশ' কোটি ডলারের আর্থিক ও আইনি জটিলতার সম্মুখীন হয়েছে।
মোয়নিহান বলেন, প্রতিষ্ঠানের প্রাথমিক লক্ষ্য ব্যয় কমিয়ে আনা। ২০১৪ সালের মধ্যে পাঁচশ' কোটি ডলার ব্যয় কমিয়ে আনার লক্ষ্য স্থির করার কথা বলেছেন তিনি।
আগামী কয়েক বছর ধরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াটি চলতে থাকবে বলে জানিয়েছেন মোয়নিহান।
গত সপ্তাহে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন দু'জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে ছাঁটাই পরিকল্পনা বাস্তবায়নের সবুজ সঙ্কেত জানিয়ে দিয়েছে ব্যাংক অব আমেরিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২৩ ঘ.
bdnews24