ত্রিপোলি, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির এক ছেলে সাদি গাদ্দাফি পার্শ্ববর্তী দেশ নাইজারে পৌঁছেছেন।
নাইজার সরকারের মুখপাত্র ও আইনমন্ত্রী মারো আমাদোর বরাত দিয়ে বিবিসি জানায়, সাদি একটি গাড়িবহরে রয়েছেন। তার সঙ্গে আরো আটজন রয়েছেন।
তিনি আরো জানান, গাড়িবহরটি দেশটির রাজধানী নিয়ামির উদ্দেশে যাত্রা করেছে। মানবতার খাতিরে সাদি ও তার সঙ্গীদের নাইজারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সাদি লিবিয়ার যুদ্ধ সমাপ্তির জন্য আলোচনায় বসার প্রস্তাব দেন দেশটির অর্ন্তর্বতীকালীন জাতীয় পরিষদকে (এনটিসি)। তবে এনটিসি সাদির এ প্রস্তাবে রাজি হয় নি।
লিবিয়ার শাসনভার গ্রহণকারী এনটিসিকে নাইজার সরকার স্বীকৃতি দিলেও গাদ্দাফি সেদেশে আশ্রয়প্রার্থী হলে কী করা হবে সে ব্যাপারে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয় নি।
গাদ্দাফি কোথায় রয়েছেন এখনও পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। গাদ্দাফিবিরোধী সেনারা বর্তমানে রাজধানী ত্রিপোলিসহ দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
এদিকে, লিবিয়ার নতুন সরকার বিচারের মুখোমুখি করতে পারে এমন যেকোন ব্যক্তিকে আটক এবং তাদের অস্ত্র ও অর্থ জব্দ করতে নাইজারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আগামী ১০ দিনের মধ্যে লিবিয়ায় অর্ন্তর্বতীকালীন নতুন একটি সরকার গঠন করা হবে বলে এনটিসি'র মন্ত্রিসভার প্রধান মাহমুদ জিব্রিল রোববার জানিয়েছেন। এছাড়া লিবিয়া আবারো তেল উৎপাদন শুরু করবে বলেও ঘোষণা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.
bdnews24