ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকাকে 'মৃত্যুর শহর' বলে মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জাপানের নতুন বাণিজ্যমন্ত্রী ইয়োশিও হাকিরো।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে হাকিরো তার পদত্যাগের কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে হাকিরো বলেন, "দুঃখের সঙ্গে বলতে হয়, এর চারপাশের শহর, নগর ও গ্রামগুলো যেন একটা মৃত্যুর শহর। সেখানে কোনো প্রাণ চোখে পড়ে না।"
তখন এক সাংবাদিককে 'আমি তোমাকে তেজস্ক্রিয়া দেবো' বলে তার গায়ে নিজের জ্যাকেট ঘষে দেন বলেও অভিযোগ উঠে।
হাকিরোর ওই মন্তব্যে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিরোধীরা তার পদত্যাগ দাবি করে।
শুক্রবার তার মন্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা। মন্তব্যের জন্য হাকিরোকে ক্ষমা চাইতে বলেন তিনি।
কিন্তু হাকিরো ক্ষমা চাইলেও বিরোধীরা তার পদত্যাগ দাবিতে অনড় থাকে। প্রধানমন্ত্রী নাওতো কানের বিদায়ের পর গত ২ সেপ্টম্বর নোডার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান হাকিরো।
গত ১১ মার্চ জাপানে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প এবং তার প্রভাবে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
ওই কেন্দ্রের কয়েকটি চুল্লি থেকে তেজস্ক্রিয়া নিঃসরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২৩৪৯ ঘ.
bdnews24