কায়রো, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশর থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে ইসরায়েল। শুক্রবার কায়রোয় ইসরায়েলি দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর এ সিদ্ধান্ত নেয় তেলআবিব।
দেশটির দীর্ঘদিনের শাসক হোসনি মুবারকের ক্ষমতাচ্যুতির পর দ্বিতীয় দফায় ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনায় সবচেয়ে বড় কূটনৈতিক সংকটে পড়েছে মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ।
শনিবার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, কায়রোয় নিয়োজিত রাষ্ট্রদূত ইজহাক লেভানন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলে ফিরে এসেছেন। তবে দূতাবাস রক্ষায় একজন কূটনীতিক সেখানে রয়েছেন।
এদিন সকালেও কায়রোর রাস্তায় বিক্ষোভ হওয়ায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ। এ পরিস্থতিতে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী এসাম শরাফ।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং এক হাজার ৪৯ জন আহত হয়েছে।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিক্ষোভকারীরা দূতাবাস চত্বরে ঢুকে পড়ার পর শনিবার প্রথম প্রহরে কায়রো ছাড়েন ইসরায়েলি রাষ্ট্রদূত ইজহাক লেভানন। রাষ্ট্রদূত, তার পরিবার ও দূতাবাসের কর্মীদের একটি বিশেষ বিমানে করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার বিক্ষোভকারী দূতাবাসের নিরাপত্তা দেওয়াল ভেঙে ভেতরে ঢোকে এবং ইসরায়েলের পতাকা ছিড়ে, কনস্যুলার অফিসের নথি তছনছ করে বিক্ষোভ দেখায়। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা জুমার নামাজের পর কায়রোর তাহরির চত্বরে সমাবেশ করে। সেখান থেকে প্রায় দুই হাজার বিক্ষোভকারী ইসরায়েল দূতাবাসে হামলা চালায়।
এ সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং ঢিল ছুড়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশের দুটি গাড়িও পুড়িয়ে দেয় তারা।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, হামলাকারীদের নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
গত মাসে প্রতিবেশী এ দুই দেশের সীমান্তে ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের গুলিতে পাঁচ মিশরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কায়রোয় ইসরায়েল দূতাবাসে হামলার ঘটনা ঘটলো।
হামলা শুরুর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য মিশরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তবে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মহী আলা (২৪) নামের এক বিক্ষোভকারী বলেন, "আমাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।"
যুক্তরাষ্ট্রের কয়েকশ' কোটি ডলার সামরিক সহায়তার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, "আমরা আমেরিকার টাকা চাই না।"
প্রবল গণ আন্দোলনের মুখে গত ১১ ফেব্র"য়ারি মিশরের দীর্ঘ দিনের শাসক হোসনি মুবারকের পতন ঘটে। আন্দোলনকারীরা তখন থেকেই পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার জন্য দেশটির ান্তবর্তীকালীন সেনা কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৯৫৭ ঘ.
bdnews24