ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বড় বড় ঘটনাগুলোর ব্যাপারে আগেই আভাস দেবে কম্পিউটার। কোনো ঘটনা সম্পর্কে প্রকাশিত বিভিন্ন সংবাদ সুপারকম্পিউটারে প্রবেশ করিয়ে দিলে সেগুলো বিশ্লেষণ করে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে ধারণা দেবে ওই যন্ত্রটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের গণনামূলক মানবিক, শিল্পকলা ও সামজিক বিজ্ঞান ইন্সটিটিউটের কালেভ লেটারু পরিচালিত ও 'ফার্স্ট মানডে' সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত নথি, বিবিসি মনিটরিংয়ের সংবাদ সারমর্ম এবং নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত দশ কোটিরও বেশি নথি বিশ্লেষণ করে লেটারু ওই গবেষণাটি করেন।
সংবাদের মেজাজ ও স্থান, এ দু'ধরনের সংবাদের ভিত্তিতে প্রতিবেদনগুলো বিশ্লেষণ করা হয়। মেজাজ অংশে দেখা হয় সংবাদগুলো 'শুভ সংবাদ' না 'অশুভ সংবাদ', আর স্থান অংশে দেখা হয় ঘটনাটি কোথায় ঘটছে ও ঘটনার সাথে সংশ্লিষ্টরা কে কোথায়।
নির্র্দিষ্ট কিছু শব্দ যেমন "টেরিবল", "হরিফিক" অথবা "নাইস", শব্দগুলো অনুসন্ধানের মাধ্যমে মেজাজ অংশের সংবাদ নির্বাচন করা হয়, যাকে 'অটোমেটেড সেন্টিমেন্ট মাইনিং' বলা হয়। অপরদিকে, 'জিওকোডিং'র মাধ্যমে স্থানের নাম যেমন "কায়রো" নির্বাচন করা হয়।
তথ্যগুলো বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের 'নটিলাস' নামক ইন্টেল কোম্পানির ১০২৪ নিহালেম কোর এসজিআই অ্যালটিক্স সুপারকম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারটির প্রক্রিয়াকরণ ক্ষমতা ৮ দশমিক ২ টেরাফ্লপস।
এ গবেষণায় ব্যবহৃত লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ করে মিসর ও লিবিয়ার গণঅভ্যুত্থানের আগেই দেশগুলোর নাগরিকদের জাতীয় মনোভাবের অবণতির প্রমাণ পাওয়া যায়।
মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের মাসখানেক আগে মিসরের গণমাধ্যমের অবস্থান তার বিপরীতে চলে গিয়েছিল। ৩০ বছরের শাসনামলে এর আগে মাত্র দু'বার মুবারক গণমাধ্যমে এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।
এছাড়া ১৯৯১ সালে কুয়েতে ইরাকি বাহিনীর বোমাবর্ষণ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক দখলের ফলে বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া হয়েছিল নটিলাসের বিশ্লেষণী চার্টে তার সঠিক প্রতিফলন পাওয়া যায়।
লেটারু বলেন, মিসরের গ্রাফটি দেখলেই বোঝা যায় মুবারকের পতনের আগেই অনুমান করা যাচ্ছে অপ্রত্যাশিত কিছু ঘটতে যাচ্ছে মিসরে। গ্রাফটিই জানাচ্ছে, পরিস্থিতি যে পর্যায়ে ছিল তাতে, মুবারক আর ক্ষমতায় থাকতে পারছেন না। আর সেটি তখনই বলে দেওয়া সম্ভব ছিল।
লিবিয়ায় গণঅভ্যুত্থান শুরুর আগেও নটিলাসের লিবিয়া গ্রাফের সংকেতে বড় ধরনের পতন লক্ষ করা গেছে।
সৌদি আরবের গ্রাফে দেখা যায়, দেশটিতে অস্থিরতা বিরাজ করছে, তবে তা ক্ষমতাসীনদের পতনের মতো কোন পরিস্থিতি তৈরি করে নি বলেও গ্রাফে দেখা যাচ্ছে বলে জানান লেটারু।
ওসামা বিন লাদেনের অনুসন্ধানের বিষয়েও সুপারকম্পিউটারটি চমৎকার ফলাফল দিয়েছে বলে লেটারু জানান। কম্পিউটারটি ওসামার অবস্থান সংক্রান্ত প্রতিবেদনগুলোর স্থান বিশ্লেষণের মাধ্যমে ওসামার সম্ভাব্য অবস্থান উত্তর পাকিস্তানের ২শ' কিলোমিটার একটি এলাকাকে চিহ্নিত করেছিল। অ্যাবোটাবাদ ওই ২শ' কিলোমিটারের মধ্যেই পড়েছে বলে জানান লেটারু।
নটিলাসের পদ্ধতিটিতে এ পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলোই শুধু পরীক্ষা করা হয়েছে বলে জানান লেটারু। তবে এ পদ্ধতির সাহায্যে বর্তমান ঘটনা বিশ্লেষণ করে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাগুলোর আভাস সহজেই দেওয়া যাবে বলে দাবি করেন লেটারু।
লেটারু বলেন, পদ্ধতিটি এত ভালভাবে কাজ করছে তাতে বলা যায়, এটি যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা বিভাগ থেকেও ভাল ফলাফল দিতে সক্ষম।
পদ্ধতিটি অনেকটা অর্থনীতির ভবিষ্যদ্বাণী করার লগারিদমের মতো বলে জানান লেটারু।
তিনি বলেন, "আমি এটাকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো করে তৈরি করতে চাই। আবহাওয়া পূর্বাভাস সম্পূর্ণ ত্র"টিমুক্ত না, তবে বিক্ষিপ্ত অনুমানের চেয়ে এটি অবশ্যই বেশি ফলাফল দিচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24