বেনগাজি, লিবিয়া/এগাদেজ, নাইজার, ০৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফি সর্বশেষ লিবিয়ার দক্ষিণ সীমান্তের দিকে গেছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত এ নেতাকে খুঁজে বের করার অভিযানে নেতৃত্ব দেওয়া এক ব্যক্তি রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
নাইজার সীমান্তে পৌঁছা লিবিয়ার কয়েক ডজন যান আটক করতে যুক্তরাষ্ট্র নাইজার কর্তৃপক্ষকে অনুরোধ করে। এই গাড়ি বহরে সন্দেহভাজন যুদ্ধাপরাধী রয়েছে বলে মার্কিনিদের ধারণা। এতে করে সোনা ও অর্থ সরিয়ে ফেলা হচ্ছে বলেও তারা মনে করে।
গাদ্দাফির নাইজারে আশ্রয় নেওয়ার কথা দেশটির সরকার অস্বীকার করেছে। কিন্তু ফরাসি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আলজেরিয়া হয়ে সাহারায় ওই গাড়িবহরের সঙ্গে মিলিত হতে পারেন। তাদের সর্বশেষ গন্তব্য হতে পারে বুরকিনা ফাসো। দেশটি এর আগে গাদ্দাফিকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
গাদ্দাফিকে খুঁজে বের করার জন্য লিবিয়ার অন্তর্বতীকালীন সরকারের পদক্ষেপের সমন্বয়ক হিসেবে কাজ করছেন হিশাম বুহাগিয়ার। তিনি দাবি করেন, তার কাছে প্রমাণ আছে, তিন দিন আগে গাদ্দাফি নাইজারের সীমান্তের ৩০০ কিলোমিটার উত্তরে ঘাওয়াত এলাকায় ছিলেন।
তিনি আরো বলেন, "বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, তিনি আরো দক্ষিণে চাদ বা নাইজারের দিকে যাওয়ার চেষ্টা করছেন।"
ফ্রান্স ও নাইজার সেনা সূত্র জানিয়েছে, প্রায় ২৫০ টি যানের একটি গাড়ি বহর আলজেরিয়া হয়ে সোমবার নাইজারের উত্তরাঞ্চলীয় শহর আগাদেজের কাছে পৌঁছেছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী এ খবর অস্বীকার করেছে।
অন্যদিকে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম রয়টার্সকে বলেন, "তিনি (গাদ্দাফি) লিবিয়াতে আছেন। তিনি নিরাপদে আছেন এবং বেশ সুস্থ আছেন।" তবে তিনি কোন জায়গা থেকে এ দাবি করেছেন তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/২২৪৪ ঘ.
bdnews24