নয়া দিল্লি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিল্লি হাইকোর্টে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাত-উল জিহাদ ইসলামী (হুজি)।
বুধবার সকাল সোয়া ১০টায় দিল্লি হাইকোর্টের ফটকে ব্রিফকেস বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ফটক থেকেই আদালতে প্রবেশের পাস দেওয়া হয়। সাড়ে ১০টা থেকে আদালতের কার্যক্রম শুরু হওয়ায় বিস্ফোরণের সময় সেখানে অনেক মানুষ ছিলো।
কীর্তি উপল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি।"
হাইকোর্টের বাইরে অবস্থানকারী এক আইনজীবী বলেন, তিনি গাড়ি পার্ক করার সময় হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। আর তার ঠিক পরপরই চারপাশ ধোঁয়ায় ভরে যায়।
গত জুনেও দিল্লি হাইকোর্টের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব ইউ কে বানসাল বলেন, বুধবার যে বোমাটি ফাটানো হয় তাতে দুই কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিলো। বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরণের ফলে তিন থেকে চার ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে ওই স্থানে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুই হামলাকারীর প্রতিকৃতি প্রকাশ করেছে দিল্লি পুলিশ।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ২০ সদস্যের একটি বিশেষ দল বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে। হামলার দায় স্বীকার করে হুজির পাঠানো ইমেইল বার্তার সত্যতা যাচাই করছে তারা।
হামলার পরপরই হুজির পক্ষ থেকে এনআইএ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়- ২০০১ সালের পার্লামেন্টে বোমা হামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা হবে।
"আমরা এ হামলার দায় স্বীকার করছি। মোহাম্মদ আফজাল গুরুর মৃত্যুদণ্ড রদ করা না হলে ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট লক্ষ্য করে আরো হামলা হবে।"
এনআইএ প্রধান এস সি সিনহা বলেন, "এই ইমেইল আসলেই হুজির কি না, সে বিষয়ে এখুনি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে এটা আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আর হুজি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।"
হামলার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "এটি সন্ত্রাসীদের একটি কাপুরুষোচিত কাজ। তবে আমরা তাদের মোকাবেলা করবো। সন্ত্রাসীদের কোনো চাপের কাছে আমরা হার মানবো না।"
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা যে হতে পারে- সে ব্যাপারে গত জুলাই মাসেই দিল্লি পুলিশকে সতর্ক করা হয়েছিল।
বুধবার লোকসভায় তিনি বলেন, "গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়ত দিল্লি পুলিশকে তথ্য সরবরাহ করে আসছে। একটি গ্র"পের কাছ থেকে সন্ত্রাসী হামলার হুমকি সম্পর্কে ২০১১ সালের জুলাই মাসে দিল্লি পুলিশকে জানিয়েছিল গোয়েন্দারা।"
গত ১৩ জুলাই মুম্বাইয়ের বাণিজ্যিক এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩৪৩ ঘ.
bdnews24