২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি হামলা চালিয়েছে হুজি

দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)। বুধবার হামলার পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক ইমেইল পাঠিয়েছে হুজি। এতে বলা হয়েছে- ২০০১ সালের পার্লামেন্টে বোমাহামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা হবে। বুধবার সকালে দিল্লি হাইকোর্টের ফটকে ব্রিফকেস বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। হুজির পাঠানো ইমেইলে বলা হয়- "আমরা এ হামলার দায়িত্ব স্বীকার করছি। মোহাম্মদ আফজাল গুরুর মৃত্যুদণ্ড রদ করা না হলে ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট লক্ষ্য করে আরো হামলা হবে।" হুজির সঙ্গে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ থাকার কথাও বলেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। হামলার তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অবশ্য হুজির এ ইমেইলের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়নি। এনআইএ প্রধান এস সি সিনহা বলেন, "এই ইমেইল আসলেই হুজির কি না, তা এখনি নিশ্চিত হওয়া যাচ্ছে না।" "তবে এটা আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আর হুজি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি", যোগ করেন তিনি। এর আগে চলতি বছরের জুনে দিল্লি হাইকোর্টের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৫০ ঘ.