২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে যৌন নিপীড়ন: ক্ষমা চাইবে উরুগুয়ে

হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সেনাদের যৌন নিপীড়নের জন্য ক্ষমা চাইবে উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

মন্টেভিডিও, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সেনাদের যৌন নিপীড়নের জন্য ক্ষমা চাইবে উরুগুয়ে। উরুগুয়ের প্রতিরক্ষা মন্ত্রী এলেউতেরিও ফার্নান্দেজ হুইদোব্রো মঙ্গলবার বলেন, ক্ষমা চাওয়ার পাশাপাশি নিপীড়িত তরুণকে ক্ষতিপূরণ দেওয়া হবে। স¤প্রতি এ সংক্রান্ত একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হাইতিজুড়ে হৈ চৈ পড়ে যায়। মোবাইলে ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, হাইতির এক তরুণকে যৌন নিপীড়ন করছে উরুগুয়ের সেনারা। উরুগুয়ের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমাদের মূল কাজ হচ্ছে যতো শিগগির সম্ভব হাইতি সরকারের কাছে ক্ষমা চাওয়া এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়া।" তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। নিপীড়নের শিকার ১৮ বছর বয়সী জনি জেন ও তার মা রোজ মেরি জেন বলেছেন, উরুগুয়ের নৌ সেনারা তাকে যৌন নিপীড়ন করেছে। এ বিষয়ে একজন বিচারকের কাছে জবানবন্দিও দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট-সালুতে এ ঘটনা ঘটে। হাইতির প্রেসিডেন্ট মিশেল মার্টেলি বলেছেন, হাইতির এক তরুণ 'গণধর্ষণের' শিকার হয়েছে। নিপীড়করা শাস্তি এড়াতে পারবে না। ওই ভিডিওচিত্র নিয়ে হাইতি কর্তৃপক্ষ, হাইতিতে জাতিসংঘ মিশন ও উরুগুয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে উরুগুয়ের চার নৌ সেনাকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৯৪৬ ঘ.