ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ন্যাটোর হেফাজতে থাকা বন্দিদের দেশটির বিভিন্ন কারাগারে স্থানান্তর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আফগানিস্তান সম্পর্কিত জাতিসংঘের একটি অপ্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি জানায়। ওই প্রতিবেদনটি বিবিসি প্রত্যক্ষ করেছে।
প্রতিবেদনটিতে আফগানিস্তানের কারাগারগুলোতে বন্দিদের কিভাবে মারধরসহ ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে নির্যাতন করা হয় তাই তুলে ধরা হয়েছে।
ন্যাটোর এক কর্মকর্তা জানান, নির্যাতনের অভিযোগগুলো তদন্ত না করা পর্যন্ত এটি একটি 'সতর্কতামূলক' ব্যবস্থা।
বিবিসিকে তিনি বলেন, "জাতিসংঘ মিশনের অপ্রকাশিত এ প্রতিবেদন যাচাই না করা পর্যন্ত যথাযথ সতর্কতার সাথে বন্দিদের স্থানান্তর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড অ্যাসিসট্যান্স ফোর্স (ইসাফ)।"
আফগান পুলিশের নিয়ন্ত্রণাধীন কুন্দুজ ও টেরিন কোট কারাগারে বন্দি স্থানান্তরও স্থগিত করেছে ইসাফ। আর কান্দাহার প্রদেশে বন্দি স্থানান্তর ইতোমধ্যেই শেষ হয়েছে।
বিবিসি জানান, জাতিসংঘের এ প্রতিবেদনে কারাবন্দিদের রাবারের পাইপ দিয়ে পেটানো ও যৌন হয়রানির হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। আর এদের অধিকাংশকেই আটক করা হয়েছে বিদ্রোহের অভিযোগে। তবে অনেকেই আবার কোনো অভিযোগ ছাড়াই আটক রয়েছে।
এদিকে জাতিসংঘ মিশন জানিয়েছে, তারা ইতোমধ্যেই প্রতিবেদনটি দেশটির সরকারকে দিয়েছে।
মিশনের মুখপাত্র ড্যান ম্যাকনর্টন বলেন, "আমরা বুঝতে পারছি তারা (সরকার) এ প্রতিবেদনের ফলাফলকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিচ্ছে।"
কারাবন্দিরা নির্যাতন বা খারাপ ব্যবহারের ঝুঁকির মুখে রয়েছে- আদালত এমন রুল জারির পর গত বছর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কাবুলের কারাগারে বন্দি স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হয়।
তবে কঠিন নিরাপত্তার মধ্যে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বন্দি স্থানান্তর কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৩৩ ঘ.
bdnews24