সার্বিয়া, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধাপরাধের অভিযোগে সার্বিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোমসিলো পেরিসিককে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের একটি আদালত।
হগ ভিত্তিক জাতিসংঘের যুগোস্লাভ ওয়ার ক্রাইমস ট্রাইবুন্যাল মঙ্গলবার এ রায় দেয়।
পেরিসিকের বিরুদ্ধে সেব্রেনিৎসায় আট হাজার মুসলমান হত্যা ও ৪২ মাস ধরে সারাজেভো অবরোধ করে রাখতে সার্ব সেনাদের সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া বসনিয়া ও ক্রোয়েশিয়ায় সার্ব সেনাদের আর্থিক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
বসনিয়া ও ক্রোয়েশিয়ায় যুদ্ধে সার্বিয়ার ভূমিকার জন্য বেলগ্রেডের প্রথম কর্মকর্তা হিসেবে পেরিসিককে সাজা দেওয়া হলো। ওই যুদ্ধে নিজেদের অপরাধ অস্বীকার করে আসছে সার্বিয় সরকার।
তবে ৬৭ বছর বয়সী জেনারেল এ ব্যাপারে কোন অনুতাপ প্রকাশ করেননি। মামলায় রায় ঘোষণার সময় তিনি পরিপাটি পোশাক পরহিত অবস্থায় আদলতে বসে নোট নেন।
জাতিসংঘ ট্রাইবুন্যালের বিচারক বাকোন মোলোতো বলেন, "হত্যায় সহায়তা ও প্ররোচনা, অমানবিক কর্মকাণ্ড, বেসামরিক মানুষের ওপর হামলা এবং সারাজেভো ও সেব্রেনিৎসায় রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে শাস্তি দানের ক্ষেত্রে মোমসিলো পেরিসিকের ভূমিকার প্রমাণ পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২৩২ ঘ.
bdnews24