২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্ব শেক্সপিয়র উৎসবে' জড়ো হচ্ছে বিশ্ববাসী

২০১২ সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের আসর বসবে লন্ডনে। আর ক্রীড়া অলিম্পিককে ঘিরে 'সাংস্কৃতিক অলিম্পিক'রও আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ওই সময় 'বিশ্ব শেক্সপিয়র উৎসব' হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১২ সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের আসর বসবে লন্ডনে। আর ক্রীড়া অলিম্পিককে ঘিরে 'সাংস্কৃতিক অলিম্পিক'রও আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে ওই সময় 'বিশ্ব শেক্সপিয়র উৎসব' হবে। উৎসবটিতে শেক্সপিয়রকে 'বিশ্ব নাট্যকার' হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিবিসি জানায়। বিশ্ব অলিম্পিক শুরু হবে ২০১২ সালের ১২ এপ্রিল, আর শেক্সপিয়র উৎসব শুরু হবে ২৩ এপ্রিল থেকে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর তখনই একে একে মঞ্চস্থ হবে সর্বকালের অন্যতম সেরা নাট্যকার শেক্সপিয়রের ৩৮ টি নাটক, ৩৮ ভাষায়। ছয় সপ্তাহব্যাপী এই বিশাল আয়োজন করেছে রয়েল শেক্সপিয়র কোম্পানি। শেক্সপিয়ারের ৩৮টি নাটকের সবগুলো পর্যায়ক্রমে মঞ্চায়ন শুরু হবে। ভিন্ন ভিন্ন থিয়েটার কোম্পানির মাধ্যমে প্রতিটি নাটক পৃথক ভাষায় দর্শকের সামনে উপস্থাপন করা হবে। লন্ডন ও লন্ডনের বাইরে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় নাটকগুলো মঞ্চায়িত হবে। উৎসবের পরিচালক ডেব্রা শ বলেন, এ উৎসবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সমাজে শেক্সপিয়রের নাটকের প্রভাব বোঝা যাবে। এ উৎসবকে তিনি 'মহাকাব্যিক অভিযাত্রা' বলে বর্ণনা করেন। উৎসবে প্রদর্শিত নাটকগুলোতে থিয়েটার, সার্কাস, সঙ্গীত, নাচ ও মাল্টিমিডিয়ার মিশ্রণ ঘটবে বলে জানান ডেব্রা। প্রসঙ্গত, মাত্র ৫২ বছর বয়সে ১৬১৬ সালের ২৩ এপ্রিল শেক্সপিয়ারের মৃত্যু হয়। তার জন্মের তারিখ অজ্ঞাত হলেও বিভিন্নসূত্র থেকে ধারণা করা হয় ১৫৬৪ সালের ২৬ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছেন। এই আয়োজন সম্পর্কে গ্লোব থিয়েটারের শিল্প নির্দেশক ডোমিনিক ড্রুমগুলে বলেন, " দীর্ঘসময় ধরেই একজন মহান নাট্যকার হিসেবে বিবেচিত শেক্সপিয়ারের একটি বৈশ্বিক ভাষা রয়েছে।" নাটকগুলোর মধ্যে 'টেমিং অব দ্য শ্র"' উর্দু ভাষায়, 'দ্য টেম্পেস্ট' বাংলা ভাষায়, 'জুলিয়াস সিজার' ইটালিয়ান ভাষায়, 'ত্রয়লাস অ্যান্ড ক্রেসিদা' মাওরি ভাষায় এবং 'কিং লেয়ার' অস্ট্রেলীয় আদিবাসীদের ভাষায় মঞ্চস্থ হবে। এ ছাড়া তুর্কি, গ্রিক, লিথুয়ানিয়ান এবং জিম্বাবুয়েন ভাষাতেও প্রদর্শিত হবে শেক্সপিয়ারের নাটক। ইশারা ভাষায় প্রদর্শিত হবে নাটক 'লাভস লেবারস লস্ট'। এই আয়োজনের অংশ হিসেবে শেক্সপিয়ারের এলিজাবেথিয়ান গ্লে¬াব থিয়েটার হলটি পুনর্নির্মাণ করা হবে, যে হলটিতে শেক্সপিয়ারের জীবদ্দশায় নাটকগুলো মঞ্চস্থ হয়েছিল। হলটি ১৬১৩ সালে পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬০০ ঘ.