সান অ্যান্টোনিও, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে কমপক্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এছাড়া শ' শ' বাড়িঘর পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, সোমবার টেক্সাসে নতুন করে অন্তত ৬০টি নতুন দাবানল জ্বলছে।
গ্রেগ কাউন্টি কর্তৃপক্ষ জানায়, রোববার ২০ বছর বয়সী এক নারী ও তার দেড় বছরের মেয়ে তাদের ভ্রাম্যমাণ বাড়িতে দাবানলের আগুনে পুড়ে মারা গেছে।
টেক্সাসের বন বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ৪শ'২৪টি বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে ৩শ' বাড়িই অস্টিনের পূর্বের বাস্ট্রোপ কাউন্টি কমপ্লেক্স এর দাবানলে পুড়েছে।
টেক্সাসের গভর্নর ও ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রার্থী রিক পেরি সাউথ ক্যারোলিনায় প্রার্থিতা বিষয়ক একটি গোলটেবিল আলোচনা বাতিল করে অস্টিনে ফেরত গেছেন।
এক সংবাদ ব্রিফিংয়ে পেরি বলেন, "আমি এর আগেও অনেক ভয়াবহ দাবানল দেখেছি। তবে এটি সবগুলোকে ছাড়িয়ে গেছে। এটি দেখার পর বুঝতে পারবে যে কত বিধ্বংসী।"
তিনি আরো বলেন, "আমি এ মুহূর্তে রাজনীতিতে মনোনিবেশ করতে পারছি না। মানুষ এবং তাদের বাড়িঘর বিপদের মধ্যে রয়েছে আর এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"
গত বছর নভেম্বর থেকে অনাবৃষ্টির কারণে টেক্সাসে ৩ কোটি ৬০ একরেরও বেশি দাবানলে পুড়ে রাজ্যের কৃষিখাতে ৫শ' কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। সেইসঙ্গে খুব শিগগিরই এ দাবানল নেভারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বন বিভাগ রোববার ৩২ হাজার একরেরও বেশি এলাকা জুড়ে জ্বলা নতুন ৬৩টি দাবানল মোকাবেলা করছে। এর মধ্যে ২২ টি বিশাল আকারের বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২২ ঘ.
bdnews24