২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আটক

ইউনিস আল-মাউরিতানি নামের আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:27 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউনিস আল-মাউরিতানি নামের আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় অভিযান চালিয়ে দুই সহযোগীসহ ইউনিসকে আটক করা হয় বলে সোমবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। তবে কখন এ অভিযান চালানো হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ওই অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পাকিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় হামলা চালানোর জন্য আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন প্রত্যক্ষভাবে ইউনিসকে নির্দেশ দিতেন। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল টিমের সদস্যদের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। ইউনিসের সঙ্গে আব্দুল গফফার আল-শামী ও মেসারা আল-শামী নামের আল-কায়েদার দুই সদস্যকে আটক করা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। ২২ অগাস্ট মার্কিন কর্মকর্তারা বলেন, পাকিস্তানের উপজাতীয় এলাকা ওয়াজিরস্তানে ড্রোন হামলায় আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আতিয়া আব্দেল আল-রহমান নিহত হয়েছেন। তবে সে ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০২২৩ ঘ.