২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সোমালিয়ায় সাড়ে সাত লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে'

সোমালিয়ায় দুর্ভিক্ষ পীড়িত সাড়ে সাত লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

নাইরোবি, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ায় দুর্ভিক্ষ পীড়িত সাড়ে সাত লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণ ইউনিট (এফএসএনএইউ) বলেছে, "সোমালিয়ায় মোট ৪০ লাখ মানুষ খাবারের সংকটে আছে। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আগামী চার মাসে সাড়ে সাত লাখ মানুষের মৃত্যু ঝুঁকি রয়েছে।" এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃতদের মধ্যে অর্ধেকই শিশু বলেও জানায় এফএসএনএইউ। সোমালিয়ার বে অঞ্চলকে নতুন করে দুর্ভিক্ষ পীড়িত এলাকা হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এ নিয়ে দেশটির মোট আটটি অঞ্চলের মধ্যে ছয়টিকেই দুর্ভিক্ষ পীড়িত বলে ঘোষণা করা হয়েছে যেগুলোর বেশিরভাগই ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আল-শাবাব নিয়ন্ত্রিত দক্ষিণ সোমালিয়ায়। সোমালিয়ায় জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমের সমন্বয়ক মার্ক বাউডেন বলেন, "পুরো বে অঞ্চলকে এখন দুর্ভিক্ষ পীড়িত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।" এফএসএনএইউ'র উপদেষ্টা গ্রেইনে মলোনি বলেন, "বে অঞ্চলে ৫৮ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে।" সোমালিয়াসহ হর্ন অব আফ্রিকা হিসেবে পরিচিত উত্তরপূর্ব আফ্রিকার দেশগুলোতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বাজে খরায় ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ মারা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। সোমালিয়ার প্রতিবেশি দেশ জিবুতি, ইরিত্রা, ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডাও দীর্ঘদিনের অনাবৃষ্টিতে তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। ওই অঞ্চলে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২৩০১ ঘ.