২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনাপ্রধানের জন্ম তারিখ নিয়ে বিতর্ক

ভারতীয় সেনাপ্রধান ভি কে সিংয়ের জন্ম তারিখ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সেনাপ্রধানের জন্ম তারিখ নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই বিবৃতি প্রত্যাখ্যান করে সেনাপ্রধানের দাবি করা জন্ম তারিখকেই সমর্থন জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সেনাপ্রধান ভি কে সিংয়ের জন্ম তারিখ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সেনাপ্রধানের জন্ম তারিখ নিয়ে একটি বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই বিবৃতি প্রত্যাখ্যান করে সেনাপ্রধানের দাবি করা জন্ম তারিখকেই সমর্থন জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 'দ্য টাইমস অব ইন্ডিয়া' জানায়, সেনাবাহিনীর দুটি শাখায় দীর্ঘদিন ধরে ভি কে সিংয়ের দুটি জন্ম তারিখের রেকর্ড থাকায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মিলিটারি সেক্রেটারি (এমএস) শাখায় তার জন্ম সাল ১৯৫০ লেখা থাকলেও অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) শাখায় তার জন্ম সাল ১৯৫১ লেখা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৯৫০ সালের ১০ মে সেনা প্রধানের জন্ম তারিখ ধরা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দেশ দেয়। কিন্তু এজি শাখায় রক্ষিত তারিখটি সেনাপ্রধানের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী, আর সেটি হচ্ছে, ১৯৫১ সালের ১০ মে। রোববার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর গণতথ্য বিষয়ক অতিরিক্ত মহাসচিব বলেন, "ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের মূল্য উড়িয়ে দেওয়া যায় না।" গত জুলাই মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশ এ বিবৃতিতে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। সেনাপ্রধানের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পর এটাই সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রথম বিবৃতি। এদিকে সেনাপ্রধান ভি কে সিং জানান, বেশ কয়েক বছর ধরে এ ত্র"টি সংশোধনের চেষ্টা চালালেও তিনি তা করতে পারেন নি। বিবৃতিতে বলা হয়, এমএস শাখার কথা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেনাবাহিনীর তথ্যের রক্ষণাবেক্ষণ করে এজি শাখা। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, এসবক্ষেত্রে এমএস শাখার কোনো অধিকার নেই। এতে আরো বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এজি শাখার সাথে পরামর্শ না করায় এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এদিকে বয়স বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বরাবর আবেদন করেছেন বর্তমান সেনাপ্রধান। একইসঙ্গে প্রমাণ ও মেধার ভিত্তিতে জন্মতারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৮ সালের ৩০ জানুয়ারি এক লিখিত বক্তব্যে ভি কে সিং ১৯৫০ সালের ১০ মে তার জন্ম তারিখ বিবেচনা করার কথা জানান। এরপর এটাকেই সঠিক জন্ম তারিখ ধরে গত বছর নিয়োগ সংক্রান্ত সংসদীয় কমিটি সেনাপ্রধান হিসেবে তার নিয়োগ নির্ধারণ করে। এদিকে ১৯৫০ সালের ১০ মে জন্ম তারিখটি সঠিক হিসেবে ধরা হলে ২০১২ সালের মে মাসে বর্তমান সেনাপ্রধান অবসর গ্রহণ করবেন এবং তার স্থলাভিষিক্ত হবেন ইস্টার্ন আর্মি কমান্ডার লে. জেনারেল বিক্রম সিং। আর সরকার ভি কে সিংয়ের দাবি করা জন্ম তারিখ (১৯৫১ সাল) মেনে নিলে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত তিনি এ পদে থাকবেন। সে ক্ষেত্রে তার অবসর গ্রহণের পর নতুন সেনাপ্রধান হবেন নর্দান আর্মি কমান্ডার লে. জেনারেল কে টি প্রণায়েক। নিয়ম অনুযায়ী একজন সেনাপ্রধান তিন বছর বা তার বয়স ৬২ বছল হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৯ ঘ.