২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফিকে অস্ত্র সরবরাহের প্রস্তাব দিয়েছিল চীনা প্রতিষ্ঠান'

চীনের কয়েকটি অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান গাদ্দাফি অনুগত বাহিনীর কাছে ২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

বেইজিং, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কয়েকটি অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান গাদ্দাফি অনুগত বাহিনীর কাছে ২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল। চলতি বছরের জুলাইয়ে এই প্রস্তাব দেওয়া হয়ে বলে কানাডাভিত্তিক সংবাদপত্র 'দ্য গ্লোব অ্যান্ড মেইল' প্রথমে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের সূত্র ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র 'দ্য নিউ ইয়র্ক টাইমস' জানিয়েছে, চীনের কয়েকটি অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান যে গাদ্দাফি বাহিনীর কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে প্রচুর প্রামাণ্য নথি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পাওয়া গেছে। টাইমসে প্রকাশিত উদ্ধৃতিতে লিবিয়ার বিদ্রোহীদের সেনা মুখপাত্র আব্দুল রহমান বুসিন জানান, "গাদ্দাফির সাথে চীনের হতে যাওয়া চুক্তির বিস্তারিত প্রত্যক্ষ প্রমাণ আমাদের হাতে আছে। ঘটনা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সব নথিপত্র এখন আমাদের জিম্মায়।" এ অভিযোগ সত্য হলে চীনের সাথে লিবিয়ার বিদ্রোহীদের বিরাজমান দূরত্ব আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। চীনা প্রতিষ্ঠানকর্তৃক সরবরাহের জন্য প্রস্তাবিত অস্ত্রের মধ্যে রকেট লঞ্চার, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ছিল বলে প্রকাশিত খবরে জানা গেছে। প্রসঙ্গত, লিবিয়ার ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞায় এ ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে সুষ্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবে, রয়টার্স জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদন বা বিদ্রোহী মুখপাত্রের দাবীকৃত নথিপত্রের সত্যতা বিষয়ে কোন অনুসন্ধানও রয়টার্সের পক্ষ থেকে করা হয় নি এবং টাইমস'র প্রতিবেদককে ন্যাটো ও জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন তারা এই দাবির ব্যাপারে নিশ্চিত নন। ব্রাসেলসে নিযুক্ত ন্যাটোর এক "ঊর্ধ্বতন কূটনীতিক প্রতিবেদনটিকে অস্বাভাবিক বলে উড়িয়ে দেন" বলে টাইমস জানায়। গাদ্দাফির সাথে চীনের অস্ত্র সরবরাহ বিষয়ক আলাপ-আলোচনার কোনকিছু তাদের নজরে আসে নি বলে টাইমসকে জানান লিবিয়ার ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তদারকারী দলের এক সদস্য। প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্তব্য করে নি। তবে চীন প্রায়ই দাবি করে, তারা লিবিয়া বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলে। চীন প্রস্তাবিত অস্ত্র যদি গাদ্দাফিকে নাও পাঠানো হয় এবং উল্লেখিত নথিপত্রের দাবি যদি ভিত্তিহীনও প্রমাণিত হয়, তারপরও এ ঘটনা চীন ও লিবিয়ার বিদ্রোহীদের মধ্যে অবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে বলেই পর্যবেক্ষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৭ ঘ.