২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ

ইসরায়েলে জীবনযাত্রার ব্যয় কমানো ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

তেল আবিব, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে জীবনযাত্রার ব্যয় কমানো ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী তেল আবিব, জেরুজালেমসহ ইসরায়েলের প্রায় সব শহরেই রোববার রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। অন্তত আড়াই লাখ মানুষ বিক্ষোভ করেছে বলে বিবিসি জানিয়েছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এতে অর্থনৈতিক সংস্কারের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। আবাসন, খাবার, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মূল্য বেড়ে যাওয়ায় ইসরায়েলের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা কর হ্রাস, অবৈতনিক শিক্ষার আওতা বৃদ্ধি এবং বাসস্থান নির্মাণে সরকারের বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে। 'জনতা সামাজিক ন্যায়বিচার চায়' বলে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। একটি ব্যানারে লেখা ছিলো, 'পুরো প্রজন্ম একটি সুন্দর ভবিষ্যৎ চায়' আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় ছাত্র ইউনিয়নের প্রধান ইঁজিক শমুলি বলেন, "ইসরায়েল এরকম থাকবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২৩২২ ঘ.