২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আট বছরে আত্মঘাতী হামলায় নিহত ১২ হাজার

ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযান শুরুর পর প্রায় আট বছরে আত্মঘাতী হামলায় ১২ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযান শুরুর পর প্রায় আট বছরে আত্মঘাতী হামলায় ১২ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ সময়ে আত্মঘাতী হামলায় আহত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ২০০৩ সালের ২০ মার্চ সেখানে অভিযান শুরু করে। সাদ্দামের অনুগতরা পাল্টা আক্রমণ হিসেবে মুখ্যত আত্মঘাতী হামলাকে বেছে নেয়। শনিবার ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেট- এ প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে, ২০০৩ সালের ২০ মার্চ থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বপর পর্যন্ত ইরাকে মোট এক লাখ আট হাজার ছয়শ' ২৪ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ১২ হাজার দুইশ' ৮৪ জন ১ হাজার ৩টি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে। আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা মোট নিহতের ১১ শতাংশ। একই সময়ে আহত বেসামরিক ইরাকির সংখ্যা এক লাখ ১৭ হাজার একশ' ৬৫ জন। তার মধ্যে ২৬ শতাংশ বা ৩০ হাজার ছয়শ' ৪৪ জন আত্মঘাতী হামলায় আহত হয়েছে বলে ওই সমীক্ষায় বলা হয়েছে। সমীক্ষায় বলা হয়, "ইরাকের আত্মঘাতীরা কম মূল্যের, হামলার যথাযথ লক্ষ্যে ও ব্যাপক ক্ষতি সাধনে সক্ষম অস্ত্রের ব্যবহার করেছে।" লন্ডনের কিংস কলেজের অধ্যাপক মেডেলিন সিয়াও-রেই হিকস ইরাকে হাসপাতাল, মর্গ, বেসরকারি সংস্থা, সরকারি হিসাব ও সংবাদ মাধ্যমের তথ্য নিয়ে একটি স্বতন্ত্র সরকারি তথ্যভাণ্ডারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সমীক্ষা প্রতিবেদন প্রস্তুত করেছেন। তবে প্রতিটি হতাহতের ঘটনা প্রকাশিত না হওয়ায় এ সমীক্ষায় উঠে আসা সংখ্যাই ইরাকে নিহত বা আহতের পূর্ণাঙ্গ সংখ্যা তা বলা যাচ্ছে না বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়। এর আগে ২০০৬ সালে ইরাকে হতাহতের সংখ্যা নিয়ে অন্য একটি সমীক্ষা প্রকাশ করে ল্যানসেট। যুদ্ধে ৬ লাখ বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে সেখানে বলা হলে তা ব্যাপকভাবে নাকচ করা হয়। নতুন এ সমীক্ষায় বলা হয়েছে, ইরাকে আত্মঘাতী হামলায় বহুজাতিক বাহিনীর দুইশ' সৈন্য নিহত হয়েছে। যার মধ্যে মার্কিন সেনাই একশ' ৭৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/২২৩৯ ঘ.