২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে দ্বিতীয় ভাষার স্বীকৃতি পেল বাংলা

ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার বাংলাকে সেখানকার দ্বিতীয় 'আনুষ্ঠানিক' ভাষার মর্যাদা দিয়েছে। বাংলার সঙ্গে আরো ১১টি ভাষা এ মর্যাদা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার বাংলাকে সেখানকার দ্বিতীয় 'আনুষ্ঠানিক' ভাষার মর্যাদা দিয়েছে। বাংলার সঙ্গে আরো ১১টি ভাষা এ মর্যাদা পেয়েছে। ভারতের কোনো রাজ্যে এই প্রথমবারের মতো একসঙ্গে ১২টি ভাষাকে দ্বিতীয় 'রাজ্যভাষা' করা হলো। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত মঙ্গলবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। আর রোববার ঝাড়খণ্ড বিধান সভার বর্ষা অধিবেশনের শেষ দিনে এ ১২টি ভাষাকে দ্বিতীয় আনুষ্ঠানিক ভাষা করে নতুন রাজ্যভাষা বিল পাশ হয়। বাংলার পাশাপাশি সাঁওতালি, ওড়িয়া এবং স্থানীয় জনজাতির ভাষা কুর্মালি, পাঁচপরগনি, খোরঠা, হো, মুণ্ডারি, কুড়ুক, খাড়িয়া, নাগপুরী ও উর্দু এই স্বীকৃতি পেয়েছে। ২০০০ সালের ১৫ই নভেম্বর বিহার থেকে আলাদা করে ঝাড়খণ্ডকে নতুন রাজ্য ঘোষণা দেয়ার পর থেকেই বাংলাকে দ্বিতীয় রাজ্যভাষা করার দাবি ওঠে। এককভাবে না হলেও স্থানীয় বাঙালিদের সেই দাবি পূরণ হলো এই বিল পাাশের মধ্য দিয়ে। রাজ্যের বিভিন্ন ভাষাভাষী মানুষ এ পদক্ষেপকে 'মাতৃভাষা প্রসারের' উদ্যোগ হিসেবে দেখলেও একসঙ্গে এতোগুলো ভাষাকে দ্বিতীয় রাজ্যভাষা করায় বিষয়টি গুরুত্বহীন হয়ে গেলো কি-না সে আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। বাংলাকে দ্বিতীয় রাজ্যভাষা করায় ইতোমধ্যে হিন্দি স্কুলে রূপান্তরিত হওয়া বাংলা স্কুলগুলো আবার স্বরূপে ফিরবে কি না সে প্রশ্নও তুলেছেন রাজ্যের বঙ্গভাষী সমন্বয় সমিতির সভাপতি বিকাশ মুখোপাধ্যায়। একটি স্বায়ত্ত্বশাসিত বাংলা একাডেমি গড়ে তোলারও দাবি জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/১৪২৪ ঘ.