ত্রিপোলি, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে মুয়াম্মার গাদ্দাফিকে 'স্বৈরাচার' আখ্যায়িত করে লিবিয়ার ক্ষমতা থেকে সরাতে বিদ্রোহীদের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, সেই গাদ্দাফির ক্ষমতা পাকাপোক্ত করতেই এক সময় কাজ করেছিল আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলো। ত্রিপোলিতে পাওয়া নথিপত্রের ভিত্তিতে এ কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা বলছে, লিবিয়ার গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার পরিত্যাক্ত দপ্তর থেকে স¤প্রতি এসব দলিল উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ, যুক্তরাজ্যের এমআইসিক্স এবং মুসার মধ্যে চালাচালি হওয়া কয়েক শ' চিঠিও রয়েছে এর মধ্যে।
এসব নথিপত্রে দেখা যায়, লিবিয়া সরকারের সঙ্গে পশ্চিমা গোয়েন্দাদের সম্পর্ক এতোটাই ঘনিষ্ঠ ছিল যে গাদ্দাফির বিরুদ্ধাচরণ করতে পারে এমন ব্যক্তিদের সম্পর্কেও মুসাকে তথ্য দিতো সিআইএ ও এমআই সিক্স। কাউকে কাউকে লিবিয়ার বাইরে থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ফেরতও পাঠানো হতো।
লিবিয়ায় বিদ্রোহীদের জাতীয় অন্তবর্তীকালীন কাউন্সিলের কমান্ডার আবদেল হাকিম বেলহাজকেও এক সময় গাদ্দাফির বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছিলেন সিআইএ কর্মকর্তারা।
হিউম্যান রাইটস ওয়াচের পিটার বুকায়ের্ত বলেন, "দলিলপত্রের ভেতরে আমরা ২০০৪ সালে মুসাকে পাঠানো একটি ফ্যাক্স বার্তা পেয়েছি, যেখানে সিআইএ কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা বেলহাজকে আটক করে ফেরত পাঠানোর সুযোগ পেয়েছেন।"
"সেই অপারেশন আসলেই চালানো হয়েছিল। এশিয়ার কোনো একটি দেশ থেকে বেলহাজকে আটক করেছিল সিআইএ। একটি গোপন ফ্লাইটে তাকে লিবিয়ায় ফেরত পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য তার ওপর নির্যাতনও চালিয়েছিল লিবিয়ার নিরাপত্তা বাহিনী," যোগ করেন বুকায়ের্ত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের সময় এভাবে সন্দেভাজন 'সন্ত্রাসীদের' আটক করে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচিতি পায় 'রেনডিশন' হিসাবে। মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই যুক্তরাষ্ট্র সরকারের এই কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। সেই সময় সিআইয়ের এ ধরনের কর্মকাণ্ডের ওপর নতুন করে আলো ফেলেছে ত্রিপোলি থেকে উদঘাটিত হিউম্যান রাইটস ওয়াচের দলিল।
১৯৬৯ সালে মাত্র ২৭ বছর বয়সে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিসকে সরিয়ে ক্ষমতা দখল করে নেন মুয়াম্মার গাদ্দাফি।
৪১ বছরের শাসনামলে নানা সময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে কথা বলে মুসলিম এবং গরিব দেশগুলোর কাছে নায়োকোচিত ভাবমূর্তি গড়ে তোলেন তিনি, যদিও এক পর্যায়ে পশ্চিমা সরকারগুলো 'স্বৈরশাসক' আখ্যা দিয়ে তাকে উৎখাতে সচেষ্ট হয়। তাদের সেই চেষ্টা সাফল্য পেতে শুরু করে গত বছরের শেষ দিকে, গণতন্ত্রের দাবিতে আরবে গণজাগরণের মধ্য দিয়ে।
প্রতিবেশী দেশ তিউনিসিয়া ও মিশরে প্রবল গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর চলতি বছর ১৫ ফেব্র"য়ারি লিবিয়ায় শুরু হয় সরকার পতনের আন্দোলন। বিক্ষোভ দমাতে গাদ্দাফির অনুগত বাহিনীর সহিংসতায় ব্যাপক প্রাণহানির মুখে দেশটির নিরাপত্তা বাহিনীর একাংশ গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহ করে। শুরু হয় গৃহযুদ্ধ।
গাদ্দাফির অনুগত বাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহী ও বেসামরিক মানুষের প্রাণহানির প্রেক্ষিতে ১৭ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা প্রতিষ্ঠা এবং বেসামরিক নাগরিক রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের একটি বিল পাস হয়।
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় প্রথম বিমান হামলা চালায় ফরাসি বাহিনী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ইতালি, কানাডাসহ অনেকগুলো পশ্চিমা দেশ তাদের সঙ্গে যোগ দেয়। লিবিয়ার সামরিক স্থাপনায় চলতে থাকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এক পর্যায়ে হামলার দায়িত্ব নেয় ন্যাটো বাহিনী।
টানা ছয় মাস লড়াইয়ের পর ২৩ অগাস্ট ন্যাটোর সহযোগিতায় ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়ার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী বাহিনী। তবে গাদ্দাফি এখন কোথায় আছেন তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০০৮ ঘ.
bdnews24