নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশের ওজনহীনতায় নভোচারীদের হাড় ও মাংসপেশী ক্ষয় হয় বলে জানা ছিল, কিন্তু এই প্রথম জানা গেল, দীর্ঘসময় মহাকাশে অবস্থান করার কারণে সফরকারীদের দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
স¤প্রতি ওপথালমোলজি সাময়িকীতে প্রকাশিত নাসার অর্থায়নে পরিচালিত ৩শ'রও বেশি নভোচারীর ওপর এক গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।
তবে এর দীর্ঘমেয়াদী সমস্যা সম্পর্কে পরিষ্কার কোনো কিছু এখনো জানা সম্ভব হয় নি।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মহাকাশে ছয় মাস বা তার বেশি কাটিয়ে আসা নভোচারীদের প্রায় ৫০ শতাংশই মহাকাশে থাকা অবস্থায় ও পৃথিবীতে ফিরে আসার পরও কিছুদিন ধরে কাছের বস্তু দেখার ক্ষেত্রে সমস্যায় পড়েন। অপর দিকে মহাকাশে কম সময় থাকা ব্যক্তিদের ২৩ শতাংশের মধ্যে এ সমস্যা দেখা দেয়।
আর মহাকাশে ছয় মাসের বেশি সময় কাটানো নভোচারীদের মধ্যে ১২ শতাংশের আর কম সময় কাটিয়েছেন যারা তাদের মধ্যে ৬ দশমিক ৬ শতাংশের কেবল দূূরের জিনিস দেখতে সমস্যা হয়।
গবেষণায় অংশগ্রহণকারী প্রতি সাতজন নভোচারীর মধ্যে একজনকে মহাকাশ থেকে ফেরার ৫ বছর পরও চোখের সমস্যায় ভুগতে দেখা গেছে।
গবেষণার নেতৃত্বদানকারী আলাস্কা নেটিভ মেডিক্যাল সেন্টারের ড. টম মাডের রয়টার্সকে বলেন, "৫০ বছর ধরে মানুষ মহাকাশ সফর করছে এবং এখনও পর্যন্ত মহাকাশচারীদের মধ্যে কেউ অন্ধ হয়ে যায় নি। তবে গবেষণার এ ফলাফল উদ্বিগ্ন হওয়ার মতো। "
তিনি জানান, পৃথিবীর তুলনায় মহাকাশে মধ্যাকর্ষণ শক্তি কম থাকায় মস্তিষ্কের চারপাশে তরলের চাপ বৃদ্ধি পাওয়ায় এটি হতে পারে, মহাকাশে দুর্বল মধ্যাকর্ষণের কারণে মস্তিষ্কের তরল দেহে ফিরে আসতে না পারাতেই চাপ বৃদ্ধি পায়। তবে প্রকৃতই কি ঘটে তা এখনও পরিষ্কার নয় বলে জানান তিনি।
মাডের বলেন, "আসলে কি কারণে এসব ঘটছে তা নির্ধারণ করা আমাদের পক্ষে কঠিন।"
যুক্তরাষ্ট্রের নাশভিলের ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের স্পেস ফিজিওলজি অ্যান্ড মেডিসিন সেন্টারের পরিচালক ডেভিড রবার্টসন জানান, এটা সবাই জানে মহাকাশে নভোচারীদের মুখ ফুলে যায়, তবে আমি যা আশা করেছিলাম, চোখের পরিবর্তনের ব্যাপ্তিটা তার চেয়েও বিস্ময়কর।
"এটা মহাকাশে মস্তিষ্কের দিকে তরলের প্রবাহ ও মুখের পেশীগুলোর চাপেই হয় বলে আমার ধারণা," বলেন তিনি।
তবে এখনও নভোচারীদের ওপর পরিচালিত গবেষণাগুলোর কোনোটাতেই দীর্ঘ সময় মহাকাশে থাকায় স্বাস্থ্যের ওপর ক্ষতিকর স্থায়ী কোনো প্রভাব পড়তে দেখা যায় নি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৫৫৮ ঘ.
bdnews24