বেইজিং, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল খনি থেকে সমুদ্রে তেল নিঃসরণ বন্ধে ব্যর্থতার কারণে চীনের সমুদ্রবক্ষের সবচেয়ে বড় তেলগ্যাসক্ষেত্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কনকোফিলিপসকে সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে চীনের রাষ্ট্রীয় সমুদ্র প্রশাসন (এসওএ)।
কনকোফিলিপস উত্তর চীনের বোহাই উপসাগরের পেনগ্লাই ১৯-৩ তেলক্ষেত্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল। পেনগ্লাই ১৯-৩ সমুদ্রবক্ষে চীনের সবচেয়ে বড় তেলক্ষেত্র।
চলতি বছরের জুলাইয়ের ৪ থেকে ১৭ তারিখের মধ্যে তেলখনিটিতে দুর্ঘটনার কারণে সমুদ্রের পানিতে তেল নিঃসরণ হতে থাকে। এতে বোহাই উপসাগরের ৫ হাজার পাঁচশ' বর্গকিলোমিটার এলাকার পানি দূষিত হয়ে যায় এবং এসওএ তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এ ঘটনা "চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামুদ্রিক পরিবেশ বিপর্যয় সৃষ্টি করেছে"।
চীনের সমুদ্র বিষয়ে তদারককারী প্রতিষ্ঠান রাষ্ট্রিয় সমুদ্র প্রশাসন অভিযোগ করেছে, কনকোফিলিপসের অবহেলার জন্যই খনিতে দুর্ঘটনা ঘটে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে।
ওই বিবৃতিতে আরো জানানো হয়, কনকোফিলিপস চায়নাকে (সিওপিসি) পেনগ্লাই ১৯-৩ তেলগ্যাসক্ষেত্রে ইঞ্জেকশন, ড্রিলিং এবং তেল-গ্যাস উৎপাদন বন্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে চীনা তদারককারী প্রতিষ্ঠান অভিযোগ করেছে, তেল ক্রমাগত সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ছে। কিন্তু সমুদ্র তলদেশে তেলের স্তর পরিষ্কার করার কোন উদ্যোগ নেয় নি কনকোফিলিপস।
"বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেল ছড়িয়ে পড়ে সমুদ্র তলদেশের বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে," বিবৃতিতে জানায় উদ্বিগ্ন চীনা সমুদ্র প্রশাসন।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের শেষ দিকে এ দুর্ঘটনার ক্ষতি কমাতে কনকোফিলিপসকে যে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল তা প্রতিষ্ঠানটি পুরোপুরি পালন করে নি বলেও সমুদ্র প্রশাসনের একদল পরিদর্শক একমত হয়েছেন ।
কনকোফিলিপসকে ৩১ অগাস্টের মধ্যে তেল নিঃসরণের ছিদ্র বন্ধ করার জন্য আদেশ দিয়ে বলা হয়েছিল ভবিষ্যতে নিঃসরণ হতে পারে এমন সম্ভাব্য বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনভিত্তিক বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি কনকোফিলিপস গত বুধবার দুর্ঘটনার দায়িত্ব স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং দাবি করে ৩১ অগাস্টের মধ্যেই তারা চীনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ পালন করেছে।
কনকোফিলিপস তেলক্ষেত্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ৪৯ শতাংশ শেয়ারের মালিক এবং চীনের ন্যাশনাল অয়েল কো. লি. বাকি ৫১ শতাংশ শেয়ারের মালিক।
বোহাই উপসাগরের জেলেরা এবং উপকূলীয় বাসিন্দারা জানিয়েছে, হোবাই ও লিয়াওনিং প্রদেশের সমুদ্রতটে নিঃসরিত তেল ছড়িয়ে যাওয়ায় পর্যটন শিল্পে বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং মৎস্য শিল্পে ধ্বস নেমেছে।
প্রসঙ্গত, তেলগ্যাস অনুসন্ধানের জন্য কনকোফিলিপসকে বাংলাদেশের গভীর সমুদ্রবক্ষের দুটি ব্লক ইজারা দেওয়া হয়েছে। ব্লক দুটি যথাক্রমে ডিএস-০৮-১০ ও ডিএস-০৮-১১, চট্রগ্রাম বন্দর শহর থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ৫,১৫৮ বর্গকিলোমিটারব্যাপী বিস্তৃত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24