জাতিসংঘ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ প্রবীণ ফরাসি কূটনীতিক হার্ভ ল্যাডসসকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ নিয়োগের ঘোষণা দেন।
নতুন এ নিয়োগের ফলে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দপ্তরটি ফ্রান্সের নেতৃত্বেই রইল।
হার্ভ ল্যাডসস বর্তমানে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেইন জুপ্পির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরেক ফরাসি অ্যালেইন এল রয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এল রয় তিন বছর শান্তিরক্ষা মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর গতমাসে অবসর নেন।
এর আগে আরেক ফরাসি জ্যঁ মারি গুয়েন্নো এ পদে ছিলেন।
জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদগুলো পরাশক্তির দেশগুলোকে দেওয়ার রীতি চলে আসছে। এ বিষয়টি অনানুষ্ঠানিকভাবে স্বীকৃত।
শান্তিরক্ষা মিশনের প্রধানের চাকরি জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদগুলোর অন্যতম। বার্ষিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের বাজেটসহ জাতিসংঘের এ বিভাগটিতে প্রায় ১ লাখ ২০ হাজার কর্মী রয়েছে। এর বেশির ভাগই সেনা ও পুলিশ সদস্য।
হার্ভ ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ইন্দোনেশিয়া, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত চীনে ফরাসি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া, হাইতি, জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘ ফরাসি মিশনেরও দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24