ত্রিপোলি, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে অজ্ঞাত স্থান থেকে নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
সমর্থকদের উদ্দেশ্যে গাদ্দাফি বলেন, "একে দীর্ঘ লড়াইয়ে পরিণত করুন। আমরা এক স্থান থেকে আর এক স্থানে, এক শহর থেকে আর এক শহরে, এক উপত্যকা থেকে আরেক উপত্যকায়, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লড়াই চালিয়ে যাব।"
পরবর্তীতে প্রচারিত অপর এক বার্তায় তিনি তেল রপ্তানি বন্ধের অঙ্গীকার করে বলেন, "আপনারা তেল নিয়ে যেতে পারবেন না। আমরা এটা হতে দেব না। শহরের কল্যাণে লড়াইয়ের জন্য প্রস্তুত হন।"
১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর লিবিয়ায় এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন গাদ্দাফি।
বৃহস্পতিবার লিবিয়ার ক্ষমতা গ্রহণের ৪২ বছরপূর্তি উপলক্ষ্যে স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত এক অডিওবার্তায় গাদ্দাফি এ আহ্বান জানান।
পাশাপাশি লিবিয়া পুনর্গঠনে বিশ্বনেতাদের সঙ্গে দেশটির নতুন অন্তর্র্বতীকালীন সরকারের নেতাদের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে এটি গাদ্দাফির হুঁশিয়ারি বলেও মনে করা হচ্ছে।
চলতি বছরের ফেব্র"য়ারিতে দেশটিতে গাদ্দাফির শাসনের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। এই আন্দোলন কঠোর হস্তে দমন করতে চায় গাদ্দাফি প্রশাসন। কিন্তু এতে দেশটিতে গৃহযুদ্ধ বেধে যায়।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা ও আন্তর্জাতিক স¤প্রদায়ের সমর্থন নিয়ে বিদ্রোহীরা গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।
প্রায় ছয় মাসের লড়াইয়ে স¤প্রতি বিদ্রোহীরা দেশটির রাজধানী ত্রিপোলি দখলে নেয়। আর গাদ্দাফি অজ্ঞাত স্থানে পালিয়ে যান।
এদিকে, ফ্রান্স ও যুক্তরাজ্যের আমন্ত্রণে প্যারিসে অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের (এনটিসি) সঙ্গে বৈঠকের পর পশ্চিমা দেশগুলো জানায়, গাদ্দাফি এখনও হুমকি। তবে তারা পুনর্গঠনের কাজ শুরু করতে এনটিসি'র কাছে বিদেশে থাকা গাদ্দাফির ১৫ বিলিয়ন ডলারের সম্পদ হস্তান্তর করেছে।
প্যারিসের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "অত্যাচারী শাসকের শাসনামল অবসানের সঙ্গে সঙ্গেই কাজ শেষ হয় না। যুদ্ধে জয়ী হলেই যে শান্তি প্রতিষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই।"
"আইনের শাসনের অধীনে কাজ করা ও ঝুঁকিতে থাকা জনগণকে রক্ষার যে অঙ্গীকার লিবিয়ার নেতারা করেছেন তা তারা রক্ষা করছে কিনা আমরা তা পর্যবেক্ষণ করব ও তাদেরকে সমর্থন করব" বলেন হিলারি।
গাদ্দাফির সাবেক সমর্থনকারীদের সঙ্গেও লিবিয়ার নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে জানা গেছে, গাদ্দাফিকে আত্মসমর্পণের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে বিরোধীরা।
গাদ্দাফি (৬৯) কোথায় লুকিয়ে রয়েছেন তা নিয়ে মত বিরোধ থাকলেও ক্ষমতাসীন কাউন্সিলের এক কমান্ডার জানান, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় এক শহরে তিনি (গাদ্দাফি) আত্মগোপন করে রয়েছেন।
এনটিসি'র ত্রিপোলি সেনাবাহিনীর অভিযান কক্ষের সমন্বয়ক আবদেল মজিদ রয়টার্সকে বলেন, আমাদের বিশ্বস্ত এক ব্যক্তি জানিয়েছেন, রাজধানীর দক্ষিণপূর্বাঞ্চলীয় বানি ওয়ালিদে রয়েছেন গাদ্দাফি।
অন্যদিকে, আলজেরিয়ার এক সংবাদপত্র জানায়, গাদ্দাফি সীমান্তবর্তী গাদামিস শহরে রয়েছেন এবং সেদেশে আশ্রয়ের জন্য প্রেসিডেন্ট আবদেল আজিজ বুটেফলিকাকে টেলিফোন করেছেন।
তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এ বিষয়ে গাদ্দাফির নিজ শহর সিরত ও বানি ওয়ালিদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০০ ঘ.
bdnews24