ত্রিপোলি অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় ছয় মাস আগে নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে গণআন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।
লিবিয়ার বিদ্রোহী পরিষদের সামরিক কমান্ডার কর্নেল হিশাম বুহাগিয়ার মঙ্গলবার একথা জানিয়েছেন।
রয়টার্সকে তিনি বলেন, "গণআন্দোলনের শুরু থেকে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু ঘটেছে।"
এর হিসাব দিয়ে বুহাগিয়ার বলেন, "মিসরাতা এবং জিলতান শহরে নিহত হয়েছে ১৫ হাজার থেকে ১৭ হাজার মানুষ। জেবেল নাফুসাতেও অসংখ্য মানুষ সিহত হয়েছে। আমরা প্রায় ২৮ হাজার বন্দিকে মুক্তি দিয়েছি। আর যারা নিখোঁজ হয়েছে তারাও মারা গেছে বলেই আমাদের ধারণা।"
এছাড়া, আজদাবিয়াহ, ব্রেগায়ও বহু মানুষ মারা গেছে বলে জানান বুহাগিয়ার। গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করতে গিয়ে যারা নিহত হয়েছে এবং গত ছয়মাসে যারা নিখোঁজ হয়েছে তারাও এ নিহতের তালিকায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১১২৯ঘ.
bdnews24