২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জের মুখে জাপানের নতুন প্রধানমন্ত্রী নোদা

দলীয় কোন্দল, বিভক্ত পার্লামেন্টে ঐক্য ফেরানোসহ অর্থনৈতিক দুর্দশা এবং পারমাণবিক সঙ্কট মোকাবেলার চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

টোকিও, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দলীয় কোন্দল, বিভক্ত পার্লামেন্টে ঐক্য ফেরানোসহ অর্থনৈতিক দুর্দশা এবং পারমাণবিক সঙ্কট মোকাবেলার চ্যালেঞ্জের মুখে পড়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। জাপানের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৫ বছরের মধ্যে জাপানের ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতাসীন পার্টিতে কোন্দল এবং বিভক্ত পার্লামেন্টে এক্য ফেরাতে সফল হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এ দুটোই তার জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও, ইয়েন সমস্যা সমাধান, দুর্যোগ পরবর্তী অবকাঠামো নির্মাণ, সুনামির পর পরমাণু সংকট নিস্পত্তির পর নতুন জ্বালানি নীতিমালা ও সামাজ কল্যাণমূলক কাজের তহবিল সংগ্রহ করাসহ বিপুল ঋণ নিয়ন্ত্রণের নানা চ্যালেঞ্জ রয়েছে নোদার সামনে। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গত শুক্রবার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এরপরই দলীয় নেতৃত্বের লড়াইয়ে দু'দফা ভোটে বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদাকে হারিয়ে জয়ী হন নোদা। মঙ্গলবার পার্লামেন্ট ৫৪ বছর বয়সী নোদাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি বছর মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর পারমাণবিক বিপর্যয় মোকাবেলায় নাওতো কানের ভূমিকা কঠোর সমালোচনার শিকার হওয়ায় এবং জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন তিনি। এখন নতুন প্রধানমন্ত্রী হিসাবে নোদাকে সুনামি বিধ্বস্ত জাপান পুনর্গঠনের পাশাপাশি পারমাণবিক স্কংট সামাল দেওয়ার এ গুরুদায়িত্ব নিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল সরকারি ঋণের লাগাম টেনে ধরারও চেষ্টা নিতে হবে তাকে। কিন্তু বিভক্ত পার্লামেন্টের কারণে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেই নোদাকে ঝামেলায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে। নোদা কখন মন্ত্রিসভা গঠন করে কাজ শুরু করবেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৯ঘ.