ওয়াংিশটন, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কটল্যান্ডের লকারবিতে ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্যান অ্যাম ফ্লাইট বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত আসামী মেগ্রাহিকে ত্রিপোলিতে মুমূর্ষু অবস্থায় পাওয়া গেছে।
রোববার সিএনএন'র এক প্রতিবেদনে নিক রবার্টসন জানান, বাসেত আল-মেগ্রাহিকে পাওয়া গেছে ত্রিপোলির অভিজাত এলাকার একটি প্রাসাদোপম বাড়িতে। তাকে কমপক্ষে ছয়টি নিরাপত্তা ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে এবং পরিজনরা তার দেখভাল করছে।
দুই বছর আগে স্বাস্থ্য সমস্যার কারণে স্কটল্যান্ডের জেল থেকে মুক্তি পেয়ে লিবিয়ায় যান মেগ্রাহি।
নিক বলেন, "তিনি আগের চেয়ে আরো অনেক বেশি অসুস্থ...মৃত্যুর দ্বারপ্রান্তে।" তাকে বিছানায় অচেতনের মতো পড়ে থাকতে দেখা গেছে।
অক্সিজেন ও 'ফ্লুইড ড্রিপ' দিয়ে মেগ্রাহিকে বাঁচিয়ে রাখা হয়েছে। এছাড়া, তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং প্রায়ই কোমায় চলে যাচ্ছেন বলে জানিয়েছে তার আত্মীয়-পরিজনরা।
এর আগে লিবিয়ার সহিংস পরিস্থিতিতে মেগ্রাহির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানিয়েছিলো স্কটল্যান্ড কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে স্কটল্যান্ডের লকারবিতে মার্কিন প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হন লিবিয়ার সাবেক গোয়েন্দা এজেন্ট মেগ্রাহি।
ওই হামলায় বিমানের আরোহী ২৫৯ জনের সবাই নিহত হয়েছিলো। তাছাড়া লকারবি শহরের মাটিতে বিমানের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত হয় আরো ১১ জন।
বিচারে মেগ্রাহির ২৭ বছরের কারাদণ্ড হয়। কিন্তু প্রোস্টেট ক্যান্সারে ভোগার কারণে তাকে মুক্তি দেয় স্কটল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24