২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি পরিবার আলজেরিয়ায়, ফেরত চায় বিদ্রোহীরা

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী ও ৩ সন্তান আলজেরিয়ায় আছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গাদ্দাফি পরিবারকে ফেরত চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। কিন্তু তাদেরকে আশ্রয় দিয়ে সহায়তা করার অধিকার আছে বলে দাবি করেছে আলজেরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ত্রিপোলি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী ও ৩ সন্তান আলজেরিয়ায় আছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গাদ্দাফি পরিবারকে ফেরত চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। কিন্তু তাদেরকে আশ্রয় দিয়ে সহায়তা করার অধিকার আছে বলে দাবি করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, সোমবার সকালে আলজেরিয়ায় যান গাদ্দাফির স্ত্রী সোফিয়া, মেয়ে আয়েশা এবং দুই ছেলে হানিবল ও মোহাম্মদ। তাদেরকে দেশে ঢুকতে দিয়ে আলজেরিয়া আগ্রসী পদক্ষেপ নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে লিবিয়ার বিদ্রোহী পরিষদ। বিদ্রোহীদের মুখপাত্র মাহমুদ শাম্মাম বলেন, আলজেরিয়া আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। লিবিয়ার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে তারা। গাদ্দাফির পরিবারকে লিবিয়ায় ফেরাতে বিদ্রোহী পক্ষ সব ধরনের আইনের আশ্রয় নেবে বলে জানান তিনি। কিন্তু বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে আলজেরিয়ার সিদ্ধান্ত সমর্থন করে দেশটির রাষ্ট্রদূত বেনমেহিদি বলেন, তাদেরকে সহায়তা করা আলজেরিয়ার কর্তব্য। তাছাড়া, সাহারা অঞ্চলের বহু জায়গাতেই যে কাউকে সহায়তা করা আইনগতভাবেও বাধ্যতামূলক। ওদিকে, রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শাম্মাম গাদ্দাফি এবং তার ছেলেদেরকে আশ্রয় না দেওয়ার ব্যাপারে প্রত্যেক দেশকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, " আমরা তাদেরকে খুঁজছি এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে।" তিনি আরো বলেন, গাদ্দাফির পরিবার অন্য কোনো দেশে না যাওয়া পর্যন্ত তারা তাদেরকে আশ্রয় দেবে বলে আমরা শুনেছি। তারা অন্য আরেক দেশে যাওয়ার চেষ্টা করছে। খুব সম্ভবত পূর্ব ইউরোপের কোনো দেশে যেতে চাইছে তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬০৯