২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত বন্দিকে মুক্তি দিচ্ছে ইরান

ইরানে রাজনৈতিক বিবেচনায় আটক শত বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

তেহরান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে রাজনৈতিক বিবেচনায় আটক শত বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। মুক্তির নির্দেশ পাওয়া বন্দিদের মধ্যে ২০০৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদকারীদের কয়েকজনও রয়েছেন বলে জানা গেছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পুনর্র্নিবাচিত হন। শনিবার এ নির্দেশ দেওয়া হয় বলে আধা সরকারি সংবাদ সংস্থা মিহার জানায়। মিহার জানায়, "সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি নিরাপত্তা ভঙ্গের দায়ে সাজাপ্রাপ্ত ১শ' বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মুক্তি নির্দেশ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে দুই বছর আগে নির্বাচনপরবর্তী বিক্ষোভ সংগঠিত করার অভিযোগও ছিল।" মুসলিমদের জন্য পবিত্র মাস রমজান। ইরানে এ মাসে কখনো কখনো সাজাপ্রাপ্ত বন্দিদের প্রতি ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। তবে মুক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের দুই পর্বতারোহী রয়েছেন কি না জানা যায় নি। অবশ্য কারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের নামের তালিকাও প্রকাশ করা হয় নি। অবৈধভাবে ইরানের সীমান্ত অতিক্রম করায় যুক্তরাষ্ট্রের দুই পর্বতারোহীকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তায় গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ওই দুই মার্কিনি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আগামী বছরের মার্চে ইরানে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ইরানের রাজনীতিকরা ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো ইরানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে দেশটির রাজপথে জনগণ ব্যাপক বিক্ষোভ করে। অধিকাংশ সংস্কারবাদী রাজনীতিক আসন্ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। কিন্তু ইরানি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনপরবর্তী বিক্ষোভ-আন্দোলনের সাথে জড়িতদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপে করতে পারে। বছর খানেক আগে ইরানের বিরোধীদলীয় নেতা মেহেদি কারৌবি এবং মিরহোসেইন মুসাবি সবুজ আন্দোলনের (গ্রিন মুভমেন্ট) ডাক দেন। এর পরিপ্রেক্ষিতে ওই দুই নেতাকে চলতি বছরের ফেব্র"য়ারি থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ইরানের আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন দাবি করেছে, ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনপরবর্তী আন্দোলনে সরকারি বাহিনীর সাথে সহিংসতায় অন্ততপক্ষে ১শ' মানুষের মৃত্যু হয়। ইরানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ এই আন্দোলনকে বিদেশি শত্র"দের টাকায় পরিচালিত বলে অভিযোগ করেছে। ওই ঘটনায় অজ্ঞাতসংখ্যক মানুষকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.