২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন ভাঙলেন বিজয়ী হাজারে

ভারতের পার্লামেন্ট দুর্নীতি বিরোধী আইনে (লোকপাল বিল) তিনটি প্রস্তাব যুক্ত করার দাবি মেনে নেওয়ায় ২৯০ ঘণ্টার অনশন ভাঙলেন আনা হাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নয়া দিল্লি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পার্লামেন্ট দুর্নীতি বিরোধী আইনে (লোকপাল বিল) তিনটি প্রস্তাব যুক্ত করার দাবি মেনে নেওয়ায় ২৯০ ঘণ্টার অনশন ভাঙলেন আনা হাজারে। নয়া দিল্লির রামলীলা ময়দানে রোববার সকাল ১০টায় হাজারো জনতার উপস্থিতিতে ইকরা ও সিমরান নামের দুই ছোট্ট শিশুর হাত থেকে ডাবের পানি আর মধু নিয়ে অনশন ভাঙেন 'পদ্ম বিভূষণ' খেতাবধারী এই সমাজ কর্মী। লোকপাল বিলে সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনাসহ তিনটি ধারা অন্তর্ভুক্ত করার দাবিতে সেখানেই গত ১২ দিন ধরে অনশন চালিয়ে আসছিলেন তিনি। এই অনশনে ৭৪ বছর বয়সী হাজারের ওজন কমেছে সাড়ে সাত কেজি। এর আগে শনিবার পার্লামেন্টে লোকপাল বিলে আনা হাজারের তিনটি দাবি অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। এক পর্যায়ে ভোটাভুটি এড়িয়ে পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভা সর্বসম্মতভাবে ওই প্রস্তাব গ্রহণ করে। এর পরপরই আনা হাজারের সমর্থকরা জানান, রোববার সকালে অনশন ভাংবেন তিনি। আর হাজারে জানান, আগামী লোকসভা নির্বাচনে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের অংশ নেওয়ার পথ বন্ধ করার দাবি নিয়ে তিনি এবার পুরো ভারত ঘুরবেন। পার্লামেন্টে ওই প্রস্তাব মেনে নেওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "পার্লামেন্ট কথা বলেছে। জনগণের চাওয়াই পার্লামেন্টের চাওয়া।" হাজারের দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন্দ্রে একটি স্বাধীন লোকপাল ইনস্টিটিউশন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি রাজ্যে একই ধরনের স্বাধীন প্রতিষ্ঠান 'লোকাউক্ত' গড়ে তোলা। দ্বিতীয়ত, কেন্দ্রের লোকপালে বিচারকরা ছাড়া সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এবং লোকাউক্ততে রাজ্য সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে বিচারের আওতায় আনার বিধি রাখতে হবে। তৃতীয়ত, সরকারি সব বিভাগে সিটিজেন চার্টার রাখা বাধ্যতামূলক করা, যেখানে সরকারি কোনো দপ্তরে কোনো নাগরিকের কোনো কাজের জন্য কত সময় লেগেছে এবং কোন কর্মকর্তা কাজটি করেছেন তার উল্লেখ থাকবে। সিটিজেন চার্টারের লঙ্ঘন হলে শাস্তির বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে এতে। লোকসভা নেতা প্রণব মুখার্জি লোকপাল বিলের বিষয়ে আগেই কঠোর পদক্ষেপ গ্রহণ না করা প্রসঙ্গে দায় স্বীকার করে বলেন, "আমি আমাদের ভুল স্বীকার করছি।" তিনি বলেন, "একটি আইন তা কঠোর ও শক্তিশালী হলেও পুরোপুরি দুর্নীতি রোধ করতে পারে না।" 'জনতাতন্ত্র' ও গণতন্ত্রের মধ্যে তফাৎ আছে বলেও সতর্ক করেন তিনি। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর তিনি অনশন ভাঙেন। তবে তার আন্দোলন চলতে থাকে। সাদা কোর্তা, টুপি ও মাহাত্মা গান্ধীর আদলে চশমা পরিহিত ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এ সমাজকর্মী ১৬ অগাস্ট লোকপাল বিলে ওই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে নয়া দিল্লির জয় প্রকাশ নারায়ণ পার্কে নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা দেন। কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়লে ১৮ অগাস্ট ১৫ দিনের অনশনে বসার অনুমতি দিয়ে তাকে কারাগার থেকে ছাড়া হয়। তখন থেকে নয়া দিল্লির রামলীলা ময়দানে অনশন করছেন হাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১০৫৭ ঘ.