কায়রো, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া থেকে ছয়টি মার্সিডিজ গাড়ির একটি বহর আলজেরিয়ায় প্রবেশ করেছে। ওই বহরে মুয়াম্মার গাদ্দাফিও ছিলেন বলে খবর দিয়েছে মিশরের সরকারি সংবাদ সংস্থা মিনা।
বিদ্রোহীদের একটি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, "ওই গাড়িগুলো গাদ্দাফি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কিংবা গাদ্দাফি ও তার ছেলেদের বহন করছে বলে ধারণা করা হচ্ছে।"
তবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আলজেরীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য না পাওয়ায় ওই গাড়ি বহরে কে বা কারা ছিলেন সে বিষয়টিও স্পষ্ট হয়নি।
লিবিয়ার গাদামিস শহরের বিদ্রোহীদের সামরিক পর্ষদের একটি সূত্রের বরাত দিয়ে মিনা জানায়, সাঁজোয় যানের ওই বহরটি সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিটের প্রহরায় শুক্রবার সকালে সীমান্ত অতিক্রম করে। ওই বিশেষ ইউনিটটি গাদ্দাফিই নিয়ন্ত্রণ করে থাকেন।
বিদ্রোহীরা তাদের ধাওয়া করে ধরতে ব্যর্থ হয় বলেও সূত্রটি জানিয়েছে।
মঙ্গলবার বাব আল-আজিজিয়ার পতনের পর গাদ্দাফিকে আর খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার বিদ্রোহীরা তাকে প্রায় ধরে ফেলার দাবি করলেও তিনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০২ ঘ.
bdnews24