২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ইতালির চার সাংবাদিক অপহৃত

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাবিয়ার নিকটবর্তী এলাকা থেকে ইতালির চার সাংবাদিককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

রোম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাবিয়ার নিকটবর্তী এলাকা থেকে ইতালির চার সাংবাদিককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। বুধবার ওই চার সাংবাদিক ত্রিপোলির দিকে যাচ্ছিলেন বলে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে। ইতালির তিনটি সংবাদপত্র কোরিয়েরি দেলা সেরা, ল্য স্টামপা এবং অ্যাভিনিরে'র হয়ে ওই চার সংবাদিক কাজ করছিলেন। চার সাংবাদিককেই ত্রিপোলির একটি অ্যাপার্টমেন্টে আটক করে রাখা হয়েছে বলে বেনগাজিতে স্থাপিত ইতালির কনস্যুলেটের কর্মকর্তা গুইদো দে স্যানসিতস জানিয়েছেন। তিনি অপহৃত এক সাংবাদিকের সাথে টেলিফোনে কথা বলতে সক্ষম হয়েছেন। স্যানসিতস রয়টার্সকে বলেন, "যদিও খুব কঠিন সময় যাচ্ছে কিন্তু এরপরও তারা (চার সংবাদিক) ভালো আছেন।" তিনি আরো বলেন, "তাদের ইতালিতে টেলিফোন করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদেরকেও তাদের সাথে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে। ইফতারের সময় তাদের খেতেও দেওয়া হচ্ছে।" স্যানসিতস জানান, ত্রিপোলি থেকে ৩০ মাইল দূরে জাবিয়ার কাছে উপকূলীয় মহাসড়ক থেকে ওই চার সাংবাদিককে অপহরণ করে গাদ্দাফি অনুগত অস্ত্রধারীরা। ধারণা করা হচ্ছে অপহৃত সাংবাদিকদের ত্রিপোলির রিক্সোস হোটেলের কাছাকাছি কোনো অ্যাপার্টমেন্টে আটক রাখা হয়েছে। রিক্সোস হোটেলে পাঁচদিন আটকে থাকার পর বিদেশি সাংবাদিকরা বুধবার অক্ষত অবস্থায় হোটেল ছেড়ে যেতে সক্ষম হয়। ইতালি সরকার জানিয়েছে, সাংবাদিকদের অপহৃত হওয়ার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৮ ঘ.