সান ফ্রান্সিসকো/লস এঞ্জেলেস, ২৫ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বখ্যাত কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ জবস। স্বাস্থ্যগত সমস্যার কারণে নিজ হাতে গড়া ওই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদটি ত্যাগ করলেন তিনি।
বুধবার স্টিভ জবস সরে দাঁড়ানোর পর অ্যাপলের চিফ অপারেটিং অফিসার টিম কুক তার স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে স্বাস্থ্যগত কারণে ছুটিতে ছিলেন ৫৬ বছর বয়সী স্টিভ জবস। তিনি কতদিন ছুটিতে থাকবেন ওই সময় তা জানানো হয় নি।
অ্যাপল বোর্ড বরাবর পাঠানো সংক্ষিপ্ত একটি চিঠিতে জবস লিখেছেন, "আমি সবসময়ই বলেছি, যদি এমন কোনোদিন আসে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করতে পারছি না, তবে আমিই সেটি প্রথম জানাবো। অপ্রত্যাশিতভাবে সেই দিনটি এসেছে। আমি অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।"
জবস চিঠিতে আরো লিখেছেন, "আমি বিশ্বাস করি অ্যাপলের উজ্জ্বলতম এবং উদ্ভাবনী সময় সামনেই এবং আমি আগামী সময়ের দিকে তাকিয়ে আছি যেখানে নতুন কোনো ভূমিকায় আমি এর সাফল্যে অবদান রাখতে পারবো।"
চিঠিতে জবস সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে স্টিভ জবসের পাকস্থলী প্রতিস্থাপন করতে হয়। সৃজনশীলতা ও দূরদৃষ্টিসম্পন্ন জবসের অসামান্য দক্ষতার কারণে অ্যাপল বিশ্বের অন্যতম প্রধান কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিণত হয়। ক্রমে অ্যাপল ও স্টিভ জবস সমার্থক হয়ে ওঠে।
২০০৪ সালের অগাস্টে স্টিভ জবসের শরীরে বিরল ক্যান্সার ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তাকে ক্যান্সারআক্রান্ত টিউমার অপসারণ করতে হয়। ২০০৯ সালে জবসকে পাকস্থলী প্রতিস্থাপন করতে হয়। এরজন্য তিনি প্রায় দুই মাস ছুটিতে ছিলেন।
সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে ছুটি নেন তিনি। এরপর ছুটিতে থাকা অবস্থাতেই ২৪ অগাস্ট বুধবার তিনি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ত্যাগের ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ ঘ.
bdnews24