২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই চালানোর ঘোষণা দুর্গ হারানো গাদ্দাফির

ত্রিপোলিতে নিজের দুর্গ হারানোর পর বিদ্রোহীদের জয়োল্লাসের মধ্যেই মুয়াম্মার গাদ্দাফি অজ্ঞাত স্থান থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 04:06 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ত্রিপোলি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। মৃত্যু অথবা জয় এ দুটোর একটিকেই তিনি বেছে নেবেন বলে বুধবার ঘোষণা দেন। ত্রিপোলিতে গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়া কম্পাউন্ড বিদ্রোহীরা দখলে নেওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। গাদ্দাফির অনুগত আল উরুবাহ টেলিভিশন জানায় এক অডিওবার্তায় গাদ্দাফি যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। উরুবাহ জানায়, ত্রিপোলির একটি রেডিও স্টেশনে বুধবার গাদ্দাফির অডিওবার্তা প্রচার করা হয়। তাতে গাদ্দাফি অঙ্গীকার করেন, ন্যাটো এবং লিবীয় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে 'হয় শহীদ নয়তো জয়'। প্রচারিত ওই বার্তায় গাদ্দাফি আরো জানান, তার বাব আল আজিজিয়া কম্পাউন্ড ন্যাটোর ৬৪ দফা হামলায় ধ্বংস হয়ে গেছে। এদিকে, গাদ্দাফির দূর্গ বাব আল আজিজিয়া বিদ্রোহীদের দখলে গেলেও গাদ্দাফি কোথায় আছে তা এখনো পর্যন্ত জানা যায় নি। এই কম্পাউন্ডই শেষমুহূর্ত পর্যন্ত গাদ্দাফির নিয়ন্ত্রণে ছিল। টেলিভিশনে স¤প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বিদ্রোহীরা বাব আল আজিজিয়া কম্পাউন্ডে ঢুকে গাদ্দাফির ভাস্কর্য ভেঙ্গে ফেলছে। তারা লাথি দিয়ে গাদ্দাফির ভাস্কর্যের মাথা ভেঙ্গে ফেলছে। টানা কয়েক ঘণ্টার তুমুল লড়াইয়ের পর মঙ্গলবার লিবিয়ার বিদ্রোহী বাহিনীর সদস্যরা ভারি অস্ত্র নিয়ে পিকআপ ও ট্রাকে করে বাব আল আজিজিয়া কম্পউন্ডে ঢুকে পড়ে। আকাশ থেকে বোমা হামলা চালিয়ে তাদের কাজ আরেকটু সহজ করে দেয় ন্যাটোর বিমান। এই দুর্গে বসেই গত চার দশক ধরে পশ্চিমা নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিবিয়া শাসন করে আসছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৬ ঘ.