ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ত্রিপোলির বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়ে এখন মুয়াম্মার গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়ার দিকে এগোচ্ছে লিবীয় বিদ্রোহীরা, তাদের সমর্থন দিচ্ছে ন্যাটো বাহিনী। তবে সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের, চলছে তুমুল যুদ্ধ।
এদিকে এক দিন আগে গাদ্দাফির তিন ছেলেকে বন্দি করার দাবি বিদ্রোহীরা করলেও মঙ্গলবার আকস্মিকভাবে গাদ্দাফি নিয়ন্ত্রিত এলাকায় বিদেশি সাংবাদিকদের দেখা দিয়েছেন সাইফ আল ইসলাম, যাকে গাদ্দাফির উত্তরসূরি হিসেবে মনে করা হয়। গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ বলছেন, বিদ্রোহীরা ফাঁদে পড়েছে।
পশ্চিমা দেশগুলো বলছে, লিবিয়ার ৪১ বছরের শাসক গাদ্দাফির পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তবে ত্রিপোলির পথে পথে বিপুল সংখ্যক সশস্ত্র বিদ্রোহীদের অবস্থান থাকলেও বিদ্রোহী কাউন্সিলের নিয়ন্ত্রণ তাদের ওপর রয়েছে কি না, তা পুরোপুরি স্পষ্ট নয়।
সোমবারই ত্রিপোলির ৮০ ভাগেরও বেশি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিদ্রোহীরা। তবে বাব আল আজিজিয়া গাদ্দাফি ও তার অনুগত বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। ওই দুর্গে গাদ্দাফি এখনো রয়েছে কি না, তা নিয়ে অনেক সাংবাদিকের সংশয় থাকলেও সাইফ দাবি করেছেন, তার বাবা দুর্গেই রয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে বিদ্রোহীরা আবার বাব আল আজিজিয়ার পথে অভিযান শুরু করে।
রয়টার্সের সাংবাদিক জানান, গাদ্দাফির দুর্গ থেকে পাল্টা গুলি ছোড়া হচ্ছে। প্রচুর গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। বাব আল আজিজিয়া এলাকা থেকে ধোঁয়া উড়তেও দেখা যাচ্ছে।
সেদিকে বিবিসির সাংবাদিকদের একটি গাড়ি রওনা হয়ে গুলির মুখে পিছু হটে আসে।
বিদ্রোহীদের অন্যতম নেতা মুফতা আহমেদ ওতমান সাংবাদিকদের বলেন, "দুর্গের পশ্চিম পাশের ফটক দিয়ে ঢোকার চেষ্টা করছি। যদি তাতে সফল হই, তাহলে পরিপূর্ণ বিজয়ে আর দেরি নেই।"
ন্যাটো বাহিনী বিমান থেকে গোলবর্ষণ করে বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি ন্যাটোর কোনো কর্মকর্তা।
পশ্চিমা দেশগুলো সোমবার থেকেই ৬৯ বছর বয়সি গাদ্দাফিকে হার স্বীকার করে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আসছে। বিদ্রোহী কাউন্সিলকে স্বীকৃতিও দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশ। তবে এতে গাদ্দাফির কোনো সাড়া পাওয়া যায়নি।
ভোররাতে একটি গাড়িতে করে হঠাৎ করেই বিদেশি সাংবাদিকদের সামনে উপস্থিত হন গাদ্দাফিপুত্র সাইফ। রিক্সোস হোটেলে তিনি যখন আসেন, তখন তার গাড়ির পাশে প্রহরায় ছিলো সাঁজোয়া যান। তার সমর্থকদের হাতে ছিলো অস্ত্র।
ত্রিপোলির রিক্সোস হোটেল যে এলাকায় রয়েছে, সেই এলাকাটি এখনো গাদ্দাফি বাহিনীর দখলে রয়েছে। এই হোটেলটিতে বিদেশি সাংবাদিকরা রয়েছে।
সাইফ হোটেলে হাজির হয়ে সাংবাদিকদের বলেন, তাকে বন্দি করার যে দাবি বিদ্রোহীরা করেছে, তা ভিত্তিহীন। "আমি মিথ্যা দাবি খণ্ডন করতে এসেছি", ঢুকেই বলেন তিনি।
সাইফ বলেন, "আমরা বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে ফেলেছি। তারা ফাঁদে পড়েছে। এখন আমরা কঠিন সময় তাদের উপহার দেবো, আমরাই জিততে যাচ্ছি।"
গাদ্দাফি বাব আল আজিজিয়ায় আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, "অবশ্যই। তিনি এখানেই আছেন, সুস্থ আছেন।"
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পরোয়া করেন না বলেও জানান লন্ডনে পড়াশোনা করে আসা সাইফ। আন্তর্জাতিক অপরাধ আদালত চলতি বছরের জুনে সাইফ, তার বাবা গাদ্দাফি ও দেশটির গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, জলপাই রঙের টি শার্ট পরা সাইফ মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়ছেন, হাসছেন, হাত নাড়ছেন আর সমর্থকদের সঙ্গে করমর্দন করছেন। টেলিভিশনের ক্যামেরার সামনে তিনি দুহাত তুলে ইংরেজি 'ভি' বা বিজয় চিহ্নও দেখান।
সাইফ সাংবাদিকদের বাব আল আজিজিয়া কম্পাউন্ডে নিয়ে যান। ত্রিপোলি এখনও সরকারি বাহিনীর দখলেই আছে বলে দাবি করেন তিনি।
রোববার রাজধানীর কেন্দ্রস্থলের 'গ্রিন স্কয়ার'সহ ত্রিপোলির অনেক এলাকা নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিক থেকে ত্রিপোলিতে প্রবেশের সময় হালকা প্রতিরোধের মুখে পড়ে বিদ্রোহী যোদ্ধারা। এক পর্যায়ে তারা রাষ্ট্রীয় টেলিভিশনেরও নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
'গ্রিন স্কয়ার'ও তার আগের নাম মারটায়ার্স স্কয়ার ফিরে পায়। সেখানে সমবেত জনতা গাদ্দাফির প্রতিকৃতি পদদলিত করে। তারা লিবীয় সরকারের সবুজ পতাকা নামিয়ে বিদ্রোহীদের করা পতাকা উড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২০২৫ ঘ.
bdnews24