টোকিও, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ৩০ অগাস্ট পদত্যাগ করতে পারেন। মঙ্গলবার জাপানের অর্থনীতি বিষয়ক (ইকোনোমিক্স) মন্ত্রী একথা জানিয়েছেন।
তবে জাপানের এ দুর্যোগময় সময়ে দেশটির নেতৃত্ব কে দেবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।
প্রধানমন্ত্রী নাওতো কানের মধ্যবামপন্থী ডেমোক্র্যাটিক পার্টি (ডিপিজে) দুই বছর আগে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রায় অর্ধশতকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা কট্টরপন্থীদের হটিয়ে দেয়।
কিন্তু ক্ষমতায় এসেই সমস্যায় পড়ে যায় দলটি।
মার্চের ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট পরমাণু বিপর্যয়ের কারণে সম্প্রতি জনপ্রিয়তা হ্রাস পেয়েছে প্রধানমন্ত্রী নাওতো কানের।
ওদিকে মঙ্গলবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিয়েছেন। মায়েহারার এ ঘোষণার ফলে অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।
তবে জাপানের নতুন প্রধানমন্ত্রীকে ইয়েনের মূল্য বৃদ্ধির ফলে রপ্তানিতে হুমকি, মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি পরবর্তী সংস্কার ও ফুকুশিমা পরমাণু কেন্দ্রের তেজষ্কিয়তা মোকাবেলায় কাজ করতে হবে।
নতুন প্রধানমন্ত্রী জাপানের বিভক্ত পার্লামেন্টে পূর্বসূরীর চেয়ে ভাল কাজ করতে পারেন কিনা এটাই দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৮ ঘ.
bdnews24