ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবীয় নেতা কর্নেল মুয়াম্মার মুহাম্মদ আল গাদ্দাফির মোট সন্তান আটজন। এর মধ্যে সাতজন ছেলে ও একজন মেয়ে।
গাদ্দাফির পতনের মুখে তার ছেলেরা বেশ আলোচিত হয়ে উঠেছে। বিশেষ করে বিদ্রোহীদের হাতে একের পর এক গাদ্দাফির ছেলের আটকের ঘটনা ও গাদ্দাফির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত সাইফ আল ইসলামের আটক ও পরে মুক্তবেশে ত্রিপোলিতে জনসম্মুখে উপস্থিত হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বিস্ময়।
লিবিয়ার বিদ্রোহীরা রোববার জানিয়েছিল তারা গাদ্দাফির দ্বিতীয় ছেলে ও গাদ্দাফির উত্তরাধিকারী বলে কথিত সাইফ আল ইসলামকে বন্দি করেছে। কিন্তু মঙ্গলবার ভোরে সাইফ নিজস্ব বাহিনীসহ ত্রিপোলির গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রিত অংশের একটি হোটেলে বিভিন্ন গণমাধ্যামের সাংবাদিকদের সামনে উপস্থিত হন।
সেখানে তিনি বলেন, ত্রিপোলি গাদ্দাফি সরকারের দখলে আছে, আর বিদ্রোহীরা ফাঁদে আটকা পড়েছে। তিনি বিদ্রোহীদের পরাজিত করার ঘোষণা দেন।
গাদ্দাফির দ্বিতীয় স্ত্রী সাফিয়ার প্রথম সন্তান সাইফ। তার জন্ম ১৯৭২ সালে। তিনি লিবিয়ার আল ফাতেহ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি এমবিএ করেন এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তিনি প্রকৌশলী হিসেবে কাজ করার পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেন। তিনি গাদ্দাফির ক্ষমতা বৃত্তের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। তাকে গাদ্দাফির উত্তরসূরী বলে মনে করা হতো। তবে সাইফ নিজে তা অস্বীকার করেছেন।
তিনি গাদ্দাফির দূত হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
গাদ্দাফির প্রথমপক্ষের স্ত্রী ফাতিহা আল নূরীর সন্তান মোহাম্মদ। গাদ্দাফির সন্তানদের মধ্যেই তিনি সবার বড়। মোহাম্মদ ১৯৭০ সালে জন্ম গ্রহণ করেন। তিনি লিবিয়ার সরকারি ডাক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং লিবিয়ার অলিম্পিক কমিটির সভাপতি। বাবার রাজনৈতিক কর্মকাণ্ডে এবং সরকারে তার ভূমিকা তেমন নেই বলেই জানা গেছে।
মোহাম্মদকে রোববার রাতে বিদ্রোহীরা গ্রেপ্তার করেছে।
দ্বিতীয় স্ত্রীর সাথে দাম্পত্যজীবনেই গাদ্দাফির বাকি সব সন্তান জন্মগ্রহণ করেছে।
তৃতীয় সন্তান আল সাদি আল গাদ্দাফি এক সময়ের ফুটবল খেলোয়ার। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ইটালির ক্লাব পেরুজ্জিয়া, উদিনেস ও সাম্পদোরিয়ায় খেলেন। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত লিবিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। পরে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন।
সাদিকেও বিদ্রোহীরা গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে।
গাদ্দাফির চতুর্থ সন্তান হ্যানিবল মুয়াম্মার গাদ্দাফি। জাহাজ চালনা বিষয়ে ইরোপিয়ান ডিগ্রিধারী হ্যানিবলের সাথে রাজনীতির সম্পর্ক তেমন নেই। লিবিয়ার ন্যাশনাল মেরিটাইম কোম্পানির পরিচালনা পরিষদের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। তার বর্তমান অবস্থা বা অবস্থান সম্পকে কোন তথ্য পাওয়া যায় নি।
পঞ্চম সন্তান মোস্তাসিম বিল্লাহ আল গাদ্দাফি লিবিয়া সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনি গাদ্দাফির ঘনিষ্ঠ রাজনৈতিক চক্রের একজন সদস্য। গত ২০০৯ সালে গাদ্দাফির প্রতিনিধি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী হিলারি ক্লিনটনের সাথে বৈঠক করেন। লিবিয়ার চলমান গৃহযুদ্ধে তিনি ব্রেগা এলাকায় দায়িত্বরত ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোন তথ্য পাওয়া যায় নি।
গাদ্দাফির ষষ্ঠ সন্তান সায়িফ আল আরব আল গাদ্দাফি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জার্মানির মিউনিখ কারিগরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষে দেশে ফেরার অল্প কিছুদিন পরেই ২০১১ সালের ৩০ এপ্রিল ত্রিপোলিতে ন্যাটোর বোমা হামলায় নিহত হন।
গাদ্দাফির ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সপ্তম সন্তান ও ছোট ছেলে খামিস গাদ্দাফি। তিনি লিবিয়ার সেনাবাহিনীর খামিস বিগ্রেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মার্চ মাসে বিদ্রোহীরা দাবি করেছিল তাদের হামলায় খামিস নিহত হয়েছেন। তবে গাদ্দাফি সরকার বিদ্রোহীদের দাবি প্রত্যাখ্যান করে।
বিদ্রোহীদের আরেক মুখপাত্র দাবি করে, ৫ অগাস্ট খামিস ন্যাটোর বোমা হামলায় মারা গেছে। তবে এ দাবির ব্যাপারেও নিশ্চিত হওয়া যায় নি।
আল আরাবিয়া সংবাদ সংস্থা সোমবার জানিয়েছিল, খামিসকে ত্রিপোলির কেন্দ্রস্থলে অনুগত সেনাবাহিনীসহ টহল দিতে দেখা গেছে। তবে তথ্যটির নির্ভরযোগ্যতা যাচাই করা সম্ভব হয় নি বলে জানিয়েছে আল জাজিরা।
গাদ্দাফির একমাত্র মেয়ে আয়েশা আল গাদ্দাফি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, মানবাধিকারকর্মী, মানব উন্নয়নকর্মী ও আইনজীবী। ২০০৯ সালের জুলাই মাসে আয়েশাকে জাতিসংঘের ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয়। তবে ২০১১ সালে ফেব্র"য়ারি মাসে গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হলে শুভেচ্ছা দূত হিসেবে তার মনোনয়ন বাতিল করা হয়।
বিদ্রোহীরা ২২ অগাস্ট আয়েশার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি তছনছ করে। তারপর থেকে তার কোন খবর পাওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24