নয়া দিল্লি, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনশনরত আনা হাজারের প্রতি ব্যাপক জনসমর্থনের মুখে পিছু হটলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। দুর্নীতিবিরোধী কঠোর আইনের দাবিতে হাজারে এ অনশন করছেন।
অনশনের চতুর্থ দিন শনিবার মনমোহন সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনা, সংলাপের জন্য প্রস্তুত।
লোকপাল বিল বিষয়ে আমরা বৃহত্তর জাতীয় মতৈক্য চাই। এখানে সমঝোতার অনেক সুযোগ আছে।"
এর আগে বুধবার হাজারের অনশনের কঠোর সমালোচনা করে মনমোহন বলেন, আনা হাজারের দুর্নীতিবিরোধী অনশন 'সম্পূর্ণ ভুল'।
পার্লামেন্টে তিনি বলেন, দুর্নীতিবিরোধী বিলের সংস্কার দাবি করে গণতন্ত্র বাস্তবায়নের পথে বাধা দেয়ার চেষ্টা করছেন হাজারে।
হাজারেকে সমর্থন জানাতে শনিবার প্রায় ১০ হাজার মানুষ তার অনশনস্থল রাজধানী নয়া দিল্লির রামলীলা ময়দানে জড়ো হয়। তাদের মধ্যে বেশিরভাগই শ্রমজীবী মধ্যবিত্ত ও তরুণ শিক্ষার্থী।
সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এ সমাজকর্মী।
ভারতে দুর্নীতিবিরোধী নতুন আইনের পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করে সমবেতদের উদ্দেশে হাজারে বলেন, "আমরা মনে করি, আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা তা পাইনি। সেই একই দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস এখনো চলছে।"
সরকার ১৫ দিনের জন্য অনশনে বসার অনুমতি দেওয়ায় গ্রেপ্তারের তিনদিন পর শুক্রবার তিহার জেল থেকে বের হন হাজারে। তখন থেকে রামলীলা ময়দানে অনশন করছেন তিনি।
গত মঙ্গলবার দিল্লি¬র জয় প্রকাশ নারায়ণ পার্কে আনার আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে।
রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি।
সরকার এ বিষয়ে 'লোকপাল বিল' পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা দিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এএমটি/১৯২২ ঘ.
bdnews24