ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের পক্ষপাতি হলেও এ নামে সন্তুষ্ট নন অনেক বুদ্ধিজীবী ও রাজনীতিক। তাদের ভাষায়, যেখানে পূর্ববঙ্গের অস্তিত্বই নেই, সেখানে নতুন নাম 'বঙ্গ' বা 'বাংলা' করলেই ভালো হতো।
শুক্রবার পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের এক বৈঠকে সর্বসম্মতভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এর ফলে ইংরেজিতেও এখন 'ওয়েস্ট বেঙ্গল' না হয়ে বাংলাদেশ লাগোয়া এ রাজ্য পশ্চিমবঙ্গ বলে পরিচিত হবে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে বাংলাভাষীদের নিয়ে একটি রাজ্য থাকলেও ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান স্বাধীন হওয়ার পর বাংলা দুই ভাগ হয়। ভারতের অংশটির নাম হয় পশ্চিমবঙ্গ।
পাকিস্তানের অংশটি পূর্ব পাকিস্তান নাম নিলেও ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ অংশটি স্বাধীন হয়ে বাংলাদেশ নাম নেয়।
নাম পরিবর্তনের প্রতিক্রিয়ায় কবি ও কথাসাহিত্যক সুনীল গঙ্গোপাধ্যয় আনন্দবাজার পত্রিকাকে বলেন, "পূর্ববঙ্গ-পশ্চিমবঙ্গ, বিভক্ত পাঞ্জাব বা আয়ারল্যান্ড- এগুলো ইতিহাসের পাতায় থাক। আমরা শুধু বাঙালি, পশ্চিম বাঙালি নই। ইংরেজিতে পশ্চিমবঙ্গ চেয়েছিলাম, নাম বদলের প্রথম ধাপ হিসেবে, এখন রাজ্যের নাম বাংলা চাই।"
কবি শঙ্খ ঘোষ বলেন, "এখন কোনো পূর্ববঙ্গ নেই, অথচ পশ্চিমবঙ্গ থেকে গেলো। শুধু 'বাংলা' নামটাই ভালো হতো।"
কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যও তাদের সঙ্গে এক মত পোষণ করে বলেন, "বাংলা নামটা শুনতে অনেক মিষ্টি। বঙ্গভূমি হলেও মন্দ হতো না।"
"শুধু বাংলা বা বঙ্গ হলে ভালো হতো", বললেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় 'বঙ্গভূমি' নামের পক্ষপাতি ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সায় ছিলো 'বাংলা'য়। তবে অন্য দলগুলো বিশেষ করে কংগ্রেস ও বামফ্রন্ট শরিক আরএসপির চাপে 'পশ্চিমবঙ্গ' নামটিই গৃহীত হয় বলে জানান তৃণমূল কংগ্রেস নেতারা।
নাম পরিবর্তনের এ ধাপ অবশ্য চূড়ান্ত হবে রাজ্যসভা ও লোকসভার অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে, যার জন্য আরো কিছু দিন সময় লাগবে।
ইংরেজি বর্ণমালা অনুসারে ভারতের ২৮ রাজ্যের তালিকায় এতদিন শেষে থাকতো 'ওয়েস্ট বেঙ্গল'। কিন্তু পশ্চিমবঙ্গ হওয়ায় তা এখন ২১তম স্থানে আসবে। এতে মুখ্যমন্ত্রী সম্মেলনসহ যে কোনো বৈঠকে আগে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতা বন্দোপাধ্যয়ের সরকার মনে করছে, এর ফলে প্রশাসনিক কিছু সুবিধা পাবে রাজ্য। তবে এর বিপক্ষেও যুক্তি রয়েছে।
ইংরেজি বর্ণমালা অনুসারে তামিলনাড়– অনেক পরে থাকলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামকে অনেক সময়ই আগে বক্তব্য রাখতে দেখা গেছে।
জওহরলাল নেহেরু মুখ্যমন্ত্রী সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়কে আগে বক্তব্য দেওয়ার সুযোগ দিতেন। আনন্দবাজার লিখেছে, একবার অন্য রাজ্যের এক মুখ্যমন্ত্রী নেহেরুকে বলেছিলেন, "আপনি সবসময় বিধান রায়কে আগে বলতে দেন কেন?" তখন নেহেরুর উত্তর ছিলো, "ওর উচ্চতা নিয়ে আমার একটু ঈর্ষা আছে।"
পশ্চিমবঙ্গ উচ্চারণে দেশের অন্য ভাষাভাষীদের সমস্যার কথাও বললেন কেউ কেউ। উদাহরণ হিসেবে বলা হলো বিজেপি নেতা অরুণ জেটলির কথা। তিনি নাকি খবরটি শুনে যা উচ্চারণ করেছিলেন, সে টা যে পশ্চিমবঙ্গ, তা বুঝতেই অনেকের কষ্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24