ওয়াশিংটন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিক্ষোভ দমনাভিযান বন্ধ করা হয়েছে বলে জানানোর পরও শুক্রবার নতুন করে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ বিক্ষোভকারী নিহত হয়েছে।
আসাদকে পদত্যাগের যুক্তরাষ্ট্র ও ইইউ এর আহ্বানে অনুপ্রাণিত হয়ে শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। আসাদ বিরোধী স্লোগান দেয় তারা।
বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসী ও মানবাধিকার কর্মীরা।
দেরা প্রদেশের বিভিন্ন শহরে নিহত হয়েছে মোট ১৮ জন- এর মধ্যে দামেস্কর দক্ষিণে ঘাবাগহাব শহরে ৮ জন, হিরাকে ৫ জন, ইনখিল শহরে ৪ জন এবং নাওয়ায় ১ জন নিহত হয়েছে।
অন্যদিকে, হোমস শহরের বাব আমরো-তে নিহত হয়েছে আরো ২ জন। আহত হয়েছে আরো বহুসংখ্যক মানুষ।
আসাদ এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে জানিয়েছিলেন সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের ওপর অভিযান বন্ধ করেছে।
কিন্তু মানবাধিকার কর্মীরা বলছে, সেনা ও পুলিশ এখনো বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ছে। দামেস্কয় সেনাযান আছে এবং স্নাইপাররা বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিয়ে লোকজনকে বিক্ষোভে নামতে বাধা দিচ্ছে।
তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘাবাগহাব শহরে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
টিভির খবরে বলা হয়, এ হামলায় বেসামরিক নাগরিকসহ একজন পুলিশ নিহত হওয়া ছাড়াও ২ জন আহত হয়েছে এবং দামেস্কের হারাস্তায়ও বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৫ঘ.
bdnews24