২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে শুধু পশ্চিমবঙ্গ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এখন থেকে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই একই নামে পরিচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এখন থেকে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রেই একই নামে পরিচিত হবে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের সভাপতিত্বে সরকার ও বিরোধী দলের এক বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে। এতদিন বাংলায় পশ্চিমবঙ্গ বলা হলেও ইংরেজিতে একে 'ওয়েস্ট বেঙ্গল' নামে লেখা হতো। এখন দুই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ লিখতে হবে। মহাকরণে সর্বদলীয় বৈঠকের পর রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ওয়েস্ট বেঙ্গলের নাম হবে পশ্চিমবঙ্গ।" রাজ্য বিধান সভায় বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্রও সর্বসম্মত সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাতে সমর্থন দিয়েছি।" ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে বাংলাভাষীদের নিয়ে একটি রাজ্য থাকলেও ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান স্বাধীন হওয়ার পর বাংলা দুই ভাগে ভাগ হয়। ভারতের অংশটির নাম হয় পশ্চিমবঙ্গ। পাকিস্তানের অংশটি পূর্ব পাকিস্তান নাম নিলেও ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ অংশটি স্বাধীন হয়ে বাংলাদেশ নাম নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮৪৭ ঘ.