নয়া দিল্লি¬, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতিবিরোধী কঠোর আইন প্রণয়নের আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আনা হাজারে।
শুক্রবার দিল্লির তিহার কারাগার থেকে মুক্তি পেয়ে অনশন শুরুর উদ্দেশ্যে রামলীলা ময়দানে পৌঁছেন। প্রবল বৃষ্টিপাতের মধ্যেই আনা সেখানে অনশনমঞ্চে উঠে অনুসারী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আনা বলেন, তিনি বেঁচে থাকুন কিংবা না থাকুন দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন চলবে।
প্রবীণ এই সমাজকর্মী বলেন, "আমরা ১৯৪৭ সালে মুক্তি অর্জন করেছি। কিন্তু এখন ১৬ আগস্ট থেকে দ্বিতীয় মুক্তি আন্দোলন শুরু হলো। এক বিপ্লব শুরু হয়ে গেছে। আমি বাঁচি কিংবা না বাঁচি, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে।"
তিনি আরো বলেন, "স্বাধীনতা অর্জনের ৬৪ বছর পরও আমাদের সামগ্রিক মুক্তি অর্জিত হয়নি।"
আনা বলেন, "এটি দীর্ঘ এক লড়াইয়ের সূচনা মাত্র।"
তিহার জেল থেকে বেরিয়ে আনা প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্বে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে থেকে তিনি রামলীলা ময়দানে অনশন মঞ্চে আসেন। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। তার হাজারো অনুসারী ও সমর্থন বৃষ্টি উপেক্ষা করে তার জন্য অপেক্ষা করছিল।
এরআগে গত মঙ্গলবার দিল্লি¬র জয় প্রকাশ নারায়ণ পার্কে আনার নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হলেও অনশনের অনুমতি দেওয়া হয় নি। আনা অনশনের অনুমতি না পাওয়া পর্যন্ত জেল ছাড়বেন না বলে ঘোষণা দেন।
অতঃপর সরকার অনশনে বসতে দিতে রাজি হওয়ায় তিনদিন পর কারাগার ছেড়েছেন তিনি।
হাজারের কারাগার ছাড়ার ঘটনাটি ভারতীয় বিভিন্ন চ্যানেলে সরাসরি স¤প্রচার করা হয়। তাতে দেখা যায়, আনার হাজার হাজার অনুসারী ও সমর্থক তার মুক্তিতে আনন্দ প্রকাশ করছে।
কারাগারের গেট পার হয়ে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং বলেন, "ভারত মাতার জয়"। আর জনতাও তার ছবি ও ভারতীয় পতাকা নেড়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করে।
বৃহস্পতিবার রাতে আনার দাবির মুখে অনশনের অনুমতি দিতে সরকার সম্মত হওয়ার খবরে তিহার জেলের সামনে অবস্থান নেয় আনার অসংখ্য অনুসারী।
তাদের অনেকে সারারাত সেখানেই অবস্থান করেন। কেউ কেউ আনার জন্য প্রার্থনা করেন আবার কেই কেউ আনার নামে স্লোগানও দেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে।
রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি।
সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি, তবে বলেন, লড়াই চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/সিআর/১৫৪৯ ঘ.
bdnews24